News

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবায় অরোরা হাসপাতালের সঙ্গে চুক্তি

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। এ চুক্তির ফলে সংগঠনটির সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালটিতে বিভিন্ন চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর কাকরাইলে অরোরা স্পেশালাইজড হাসপাতালের বোর্ডরুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমআরএর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক অন্তু মুজাহিদ ও ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক নাজমুল হক।

অন্যদিকে, হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. মাইন উদ্দিন আকাশ, মার্কেটিং ইনচার্জ মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং কর্পোরেট মার্কেটিং এক্সিকিউটিভ মো. আব্দুল্লাহ আল মামুন ও মেহেদি হাসান হিমেল।

অনুষ্ঠানে হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব বলেন, অরোরা স্পেশালাইজড হাসপাতাল অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দিয়ে আসছে। ১৫০ শয্যার ১৯তলা ভবনের এ হাসপাতালে উন্নত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ, সিসিইউ, নবজাতক ও শিশুদের নিবিড় পরিচর্যা এবং ডায়ালাইসিসের ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করাই আমাদের লক্ষ্য।

এমআরএর সভাপতি ফখরুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে অনেক সাংবাদিক নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সুযোগ পান না। সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যস্ততার মধ্যে অনেক সময় শারীরিক সমস্যাও উপেক্ষা করেন তারা।

তিনি বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং চিকিৎসা গ্রহণে সুবিধা দেওয়ার লক্ষ্যেই অরোরা হাসপাতালের সঙ্গে এ চুক্তি করেছে এমআরএ।

উভয় পক্ষ আশা প্রকাশ করে, এ চুক্তির মাধ্যমে এমআরএর সদস্য ও সংশ্লিষ্টরা সাশ্রয়ী খরচে মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচি আয়োজনেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

source: Asia Post

Back to top button