ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি খলনায়ক আশরাফুল হক ডনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে সিআইডি। গত ২০ আগস্ট সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান এ রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আগামী ২৭ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
সোমবার (২৪ আগস্ট) সিআইডির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৯ আগস্ট ভোরে ওমরাহ পালনে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে সিআইডির হাতে সোপর্দ করে। ওই দিনই বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ১২ অগাস্ট তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
রিমান্ড আবেদনে উল্লেখ করেন, এটি একটি আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলা। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, আসামির সহযোগী অপরাধীদের অবস্থান নির্ণয় ও তাদের গ্রেপ্তার এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সত্ত্বেও ডন কার ইন্ধনে ও কীভাবে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন, এই তিন মূল কারণে তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
source: Asia Post






