News

টিভিতে পদত্যাগ করেও চাকরি ছাড়তে পারলেন না সালাহদের কোচ

ম্যাচ শেষে টেলিভিশনের সরাসরি সম্প্রচারে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তুর্কিশ কোচ ফাতিহ তেক্কে। কিন্তু কয়েক ঘণ্টা না যেতেই সেই পদত্যাগ প্রত্যাখ্যান করেছে ত্রাবজনস্পোর। ফলে মোহাম্মদ সালাহদের কোচের দায়িত্বেই থাকতে হচ্ছে সাবেক এই তুর্কি ফুটবলারকে।

উয়েফা ইউরোপা লিগের প্লে-অফের ফিরতি পর্বে বৃহস্পতিবার ফেরেনৎসভারোশের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ত্রাবজনস্পোর। প্রথম লেগেও ১-০ গোলে হেরে আসা তুর্কি ক্লাবটি দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে ছিটকে যায় ইউরোপা লিগ থেকে।

এমন হারের পর সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ব্যর্থতার দায় নিজের কাঁধে নেন তেক্কে। সেখানেই আকস্মিকভাবে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘খুব দুঃখের একটি রাত। দায় আমার ও আমার দলের। এই মুহূর্ত থেকে আমি পদত্যাগ করছি।’

কিন্তু তেক্কের সিদ্ধান্ত মেনে নেয়নি ত্রাবজনস্পোরের পরিচালনা পর্ষদ। মধ্যরাতে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটি জানায়, হারের পর তীব্র আবেগের মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের কোচ।

বিবৃতিতে বলা হয়, ‘ফাতিহ তেক্কের পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তিনি দায়িত্ব চালিয়ে যাবেন এবং আমেদস্পোরের বিপক্ষে দলের ডাগআউটে থাকবেন।’

ফেরেনৎসভারোশের বিপক্ষে ফিরতি লেগে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ত্রাবজনস্পোর। ম্যাচের ১৩ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন রুসলান মালিনোভস্কি। দ্বিতীয়ার্ধে সিডনি কাবরালও মাঠ ছাড়লে নয়জনের দলে পরিণত হয় তারা। শুরুর একাদশে থাকা সালাহকে ৬৪ মিনিটে তুলে নেন তেক্কে।

হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সালাহ জানিয়েছেন, একটি খারাপ রাত তাকে লক্ষ্য থেকে সরাতে পারবে না। ত্রাবজনস্পোরকে নিজের ক্লাব উল্লেখ করে মিসরীয় তারকা আবারও মনে করিয়ে দিয়েছেন, তুরস্কে তিনি ট্রফি জিততেই এসেছেন।

ইউরোপা লিগ থেকে ছিটকে গেলেও ত্রাবজনস্পোরের ইউরোপীয় অভিযান এখনই শেষ হচ্ছে না। দলটি এবার উয়েফা কনফারেন্স লিগে খেলবে। আর পদত্যাগের ঘোষণা দিয়েও সেই অভিযানে সালাহদের ডাগআউটে থাকছেন তেক্কেই।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button