News

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড

এক দিনের ব্যবধানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে, গতকালের প্রতিবেদনে ২৪ ঘণ্টায় ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮২৭ জনে।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৯ জন নারী ও ২২ জন পুরুষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে।

সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

source: Asia Post

Back to top button