News

মারা গেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন

দেশের অন্যতম শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুই ছেলে পান্থ ও প্রমিত তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তার বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৪৫ সালের ১ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে রেখে গেলেন দুই ছেলে, স্বজন–সুহৃদ ও অসংখ্য গুণগ্রাহী।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আখতার হুসেন। সর্বশেষ তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। প্রথমে তাকে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বারডেম হাসপাতালে আনা হয়। এরপর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে আবার নেওয়া হয় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। গত শুক্রবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আখতার হুসেনের জানাজা ও দাফনের সময় এখনও নির্ধারণ করা হয়নি। তবে আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে‌ জানিয়েছেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সদস্য রতন কুমার দাস।

source: Asia Post

Back to top button