জাতিসংঘে ভাষণ দিতে নেতানিয়াহু দাঁড়াতেই ফাঁকা অধিবেশন কক্ষ

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন সময় ফাঁকা হতে থাকে অধিবেশন কক্ষ। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ভাষণের জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই বিভিন্ন দেশের প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমর্থকেরা তাকে করতালি দিয়ে সমর্থন জানান। তবে তাদের সংখ্যা বেশ কম ছিল।
কক্ষ ত্যাগ করা প্রতিনিধিদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, তারা ‘ভণ্ড মানবাধিকারকর্মী’। ইরানে বেসামরিক মানুষের ওপর সহিংসতার সময় এসব প্রতিনিধিরা কোথায় ছিলেন— এমন প্রশ্নও তোলেন তিনি।
নেতানিয়াহু বলেন, ইরানের স্বৈরশাসকেরা যখন নিরস্ত্র ইরানি নাগরিকদের হত্যা ও পঙ্গু করেছিল, তখন আপনারা কোথায় ছিলেন?
এরপর তিনি কক্ষে থাকা অন্য প্রতিনিধিদের উদ্দেশে বলেন, যদি আরও কোনো নৈতিকভাবে কাপুরুষ ব্যক্তি এই কক্ষে থেকে থাকেন, তাহলে দয়া করে এখনই বেরিয়ে যান।
কনভেনশন সেন্টারের ছবি বিশ্লেষণ করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে— সৌদি আরব, সুদান, তিউনিসিয়া, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মন্টেনেগ্রো ও কিরগিজস্তানের আসনগুলো নেতানিয়াহুর বক্তব্যের সময় খালি ছিল।
এ ছাড়া জর্ডান, লিবিয়া, মার্শাল আইল্যান্ডস ও মরিশাসের আসনও খালি দেখা যায়। তবে এসব দেশের ক্ষেত্রে কিছু প্রতিনিধি কক্ষে উপস্থিত ছিলেন, আর অন্যরা প্রতিবাদ হিসেবে বেরিয়ে যান বলে জানায় হিন্দুস্তান টাইমস।
source: Asia Post







