হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন। শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ‘খুব শিগগিরই’ এই কৌশলগত জলপথটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় চরম অচলাবস্থা তৈরি হওয়ার পর ট্রাম্পের কাছ থেকে এমন মন্তব্য এলো। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে এবং তেহরান এটি পুনরায় খুলতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ করা হয়েছে।
শুক্রবার ট্রাম্প আরও বলেন, “ইরান বর্তমানে ভীষণভাবে পরাজিত হচ্ছে। তাদের পুরোপুরি পরাজিত করার কাজ শেষ হলেই আমি খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। মূলত, বাস্তবে পরিস্থিতি তেমনই। সেখানে আমাদের সম্পূর্ণ অবরোধ রয়েছে; আমরা অনুমতি না দিলে কোনো জাহাজই এর মধ্য দিয়ে যেতে পারবে না।”
ট্রাম্পের এই বক্তব্যের পর এক্সে (সাবেক টুইটার) প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি বলেন, “কোনো ধরনের হুমকি কিংবা শক্তি প্রদর্শনে তেহরান ভীত হবে না।” তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, হরমুজ প্রণালি খোলা রাখা বা বন্ধ করার ক্ষমতা কেবল ইরানের কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরই নির্ভর করে।
source: Rajneete







