News

প্রথমবার এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে আম্মানের পথে পুলিশ ফুটবল দল

প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চ্যালেঞ্জ লিগে খেলতে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৩৩ সদস্যের দলটি আম্মানের উদ্দেশে রওনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিদায় জানান বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা।

এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রতিপক্ষ সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো এসসি। আগামী ১১ আগস্ট জর্ডানের আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা।

এবারই প্রথম এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এশিয়ার ক্লাব ফুটবলের এই প্রতিযোগিতায় নিজেদের অভিষেক ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দলটি।

ঐতিহাসিক এই অভিযানে দেশবাসীর দোয়া ও সমর্থন চেয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

source: Asia Post

Back to top button