News

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য সরকার আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ইউএইর একটি আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পরপরই সেখানে নিয়োজিত ল’ ফার্মকে জামিন বাতিলের আবেদন এবং আদালতে প্রয়োজনীয় পিটিশন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে ইউএইতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা হয়েছে। আদালত কী কী শর্তে জামিন দিয়েছেন, তা জানতে সার্টিফায়েড কপি সংগ্রহের অনুরোধ করা হয়েছে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক—দুই ধরনের উদ্যোগই চলমান রয়েছে। তবে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে, এটা আমাদের সন্দেহ।

এদিকে, সাম্প্রতিক রথযাত্রাকে কেন্দ্র করে মেট্রোরেল ও আশুলিয়ায় বোমা-আতঙ্কের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও নাশকতার কিছু চেষ্টা হয়েছে। মতিঝিলে মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরে আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিষ্ক্রিয় করে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কোনো পক্ষ এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে বর্তমানে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষায়িত টিম সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত ও ‘মাফিয়া শক্তি’ হিসেবে পরিচিত দলটির বড় ধরনের কর্মসূচি পালনের সক্ষমতা বর্তমানে নেই। তারপরও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিশেষ করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ধরনের উগ্রবাদী তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

source: Asia Post

Back to top button