শেখ হাসিনাকে যে চুক্তির আওতায় ফেরত চায় বাংলাদেশ

চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ ফেরত চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বিদায় জানানোর পর এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ফিরে আসা হাস্যকর। তিনি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট নিয়ে আসবেন। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই অনুযায়ী তার হস্তান্তর চায় সরকার।
তিনি আরও বলেন, পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না
এ সময় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-চায়না-মিয়ানমার করিডর হলে ব্যবসা বাণিজ্য বাড়বে, তবে আগে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি প্রধান বাণিজ্যিক হাবে পরিণত হবে। তবে এই আঞ্চলিক করিডরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ থাকলেও তার আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, লিউ হাইশিংয়ের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরো গভীর ও গতিশীল হবে।
source: Asia Post







