News

মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কদমতলীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদরাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের তাসফিলুল কোরআন হেফজ মাদরাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাদরাসার শিক্ষকরা ইয়ামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদরাসার প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়। তার বাবা রফিকুল ইসলাম। গত বুধবার ছুটির পর ইয়ামিন বাসায় চলে যায়। এরপর সে আর মাদরাসায় ফিরে আসেনি।

তিনি জানান, ইয়ামিন মাদরাসায় আসতে অনীহা প্রকাশ করলে তার বাবা ফোন করে তাকে বাসা থেকে বুঝিয়ে আনার অনুরোধ করেন। তবে তিনি তাকে আনতে যাননি। রোববার রাত সাড়ে ৯টার দিকে ইয়ামিনের নানী তাকে মাদরাসায় রেখে যান।

ফেরদৌস আহমেদ আরও জানান, কিছুক্ষণ পর সে কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে উঠে যায়। পরে খবর পাওয়া যায়, সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

source: Asia Post

Back to top button