News

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ বিমান হামলা, ৮ জন নিহত

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) বিভিন্ন সদর দফতরে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে তাদের ৮ সদস্য নিহত এবং অন্তত ৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পিএমএফ।

বুধবার (২৯ জুলাই) ভোরে পরিচালিত এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সমন্বয়ে ইরাকে থাকা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাজধানী রিয়াদের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একাধিক ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মূলত সেসব ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়। সৌদি আরব জানায়, তারা উত্তেজনা বাড়াতে চায় না; তবে দেশের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে, এই বিমান হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ আখ্যা দিয়ে বিবৃতিতে পিএমএফ বলেছে, এটি ইরাকের সার্বভৌমত্ব এবং দেশের সরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর সরাসরি চরম লঙ্ঘন। তবে ড্রোন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান-সমর্থিত অপর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। সৌদি আরবের এ অভিযোগকে ‘মনগড়া’ দাবি করে তারা যেকোনো বেপরোয়া পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। সম্প্রতি সৌদি আরবে চালানো ড্রোন হামলার ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ইরাকি সামরিক বাহিনীও স্পষ্ট করে জানিয়েছে, কোনো বন্ধুপ্রতীম দেশের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

source: Rajneete

Back to top button