সাংবাদিকদের ২ দিন বলাকা ভবনে ঢুকতে নিষেধ করলেন বিমানের এমডি

রাজধানীর বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে রহস্যজনক কারণে সাংবাদিক প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বলাকা ভবনে সংবাদ সংগ্রহ করতে করে গিয়ে বাধার মুখে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।
প্রবেশে বাধার কারণ প্রসঙ্গে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা) মহিউদ্দিন আহমেদ জানান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ এসময় তিনি সাংবাদিকদের ২ দিন অপেক্ষা করার অনুরোধ জানান।
অলিখিত নিষেধাজ্ঞার বিষয়ে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে প্রবেশের অলিখিত বাধার কারণে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাংবাদিকদের মাঝে। তারা বলেন, এটি অযৌক্তিক ও অনৈতিক।
source: Asia Post







