আগামী গ্রীষ্মের আগে লোডশেডিং কমতে পারে: বিদ্যুৎমন্ত্রী

ময়মনসিংহে আগামী গ্রীষ্মের আগে লোডশেডিং কমবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুতায়নের মিথ্যা তথ্য দিয়ে উৎসব পালন করেছে। অথচ সারাদেশের মতো ময়মনসিংহ বিভাগেও বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর কাজ করেনি। ওই সময় ময়মনসিংহে বিদ্যুৎ ও গ্যাস সঞ্চালনের উপযুক্ত লাইন তৈরি করা হয়নি। ফলে এ অঞ্চলের মানুষকে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগতে হয়েছে। বর্তমান সরকার এ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে। আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমবে বলে আশা করছি।
ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়বে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এ উদ্যোগ এ অঞ্চলের পাশাপাশি দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক হবে।
কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং ভালুকার বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ব্যাটারিসহ ৫ কিলোওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়।
আয়োজকেরা জানান, এ কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা হবে। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
source: Asia Post






