News

বাংলাদেশে নিজস্ব অবকাঠামো গড়তে চায় মেটা

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের পরিকল্পনা করছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে ব্যান্ডউইথ ব্যয় কমার পাশাপাশি এসব সামাজিক যোগাযোগমাধ্যমের সেবার গতি বাড়তে পারে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে নিজস্ব পয়েন্টস অব প্রেজেন্স (পিওপি) স্থাপন ও পরিচালনার অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে মেটার। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ আগস্ট বিটিআরসির সঙ্গে বৈঠক করে মেটা। সেখানে স্থানীয় অবকাঠামো স্থাপন, স্থায়ী কার্যালয়, স্থানীয় পেমেন্ট ব্যবস্থা এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসাদ বলেন, বর্তমানে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক কনটেন্ট ভারতের ডেটা সেন্টারের মাধ্যমে সরবরাহ করা হয়। মেটার অবকাঠামো দেশে স্থাপিত হলে এসব কনটেন্ট স্থানীয়ভাবেই সরবরাহ করা সম্ভব হবে। এতে বিদেশি নেটওয়ার্কের ওপর নির্ভরতা ও ব্যান্ডউইথ ব্যয় কমবে।

আরো পড়ুন

বিটিআরসির তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত ভারত ও সিঙ্গাপুর থেকে মোট ১১ হাজার ৬৫৩ দশমিক ৬৮ জিবিপিএস আন্তর্জাতিক ব্যান্ডউইথ আমদানি করেছে বাংলাদেশ। খাতসংশ্লিষ্টদের ধারণা, দেশের মোট আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহারের প্রায় ২৫ শতাংশ মেটার প্ল্যাটফর্মগুলোতে ব্যয় হয়।

মেটা স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি বিনা চার্জে ট্রাফিক বিনিময়ের সুযোগ চেয়েছে। প্রতিষ্ঠানটি প্রচলিত টেলিযোগাযোগ লাইসেন্স ছাড়াই অংশীদারদের মাধ্যমে অবকাঠামো স্থাপন ও পরিচালনার অনুমতিও চেয়েছে।

মেটার প্রস্তাব বাস্তবায়িত হলে বিদেশি নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদানের প্রয়োজন কমবে। এতে একদিকে আন্তর্জাতিক ব্যান্ডউইথের খরচ সাশ্রয় হবে, অন্যদিকে দেশের কোটি কোটি ব্যবহারকারী ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে তুলনামূলক দ্রুত সেবা পেতে পারেন।

source: Asia Post

Back to top button