News

হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন।

শুক্রবার (৯ অক্টোবর) হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮১ জন।

এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২২ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জন মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮০ হাজার ৭৯ জন রোগী ভর্তি হয়েছে।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।

source: Asia Post

Back to top button