কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেনের, রাশিয়ার জবাবের অপেক্ষা

কৃষ্ণসাগরে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি নির্বিঘ্ন রাখতে সীমিত পরিসরে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কিয়েভ। এ বিষয়ে নিজেদের প্রস্তাব আন্তর্জাতিক অংশীদারদের কাছে পাঠিয়েছে ইউক্রেন। এখন রাশিয়ার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে দেশটি। গতকাল শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উক্রিনফর্মের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সিবিহা বলেছেন, কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং কৃষিপণ্য পরিবহনের পথ খুলে দিতে কার্যকর যুদ্ধবিরতি চায় কিয়েভ। এ লক্ষ্যে ইউক্রেনের প্রস্তাবগুলো ইতিমধ্যে অংশীদার দেশগুলোর কাছে পাঠানো হয়েছে।
সিবিহার অভিযোগ, ইউক্রেন যখনই উত্তেজনা কমানোর উদ্যোগ নেয়, রাশিয়া তখন অবাস্তব শর্ত সামনে আনে। এবারও কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির আওতায় তেল রপ্তানির বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাইছে মস্কো। তবে কিয়েভের মূল লক্ষ্য হলো কৃষিপণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল ফিরিয়ে আনা।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেল রপ্তানির বিষয়টি বৃহত্তর জ্বালানি খাতের যুদ্ধবিরতির অংশ হিসেবে আলোচনায় আসতে পারে। তবে কৃষ্ণসাগরকেন্দ্রিক প্রস্তাবের মূল বিষয় হওয়া উচিত নৌ চলাচলের স্বাধীনতা ও কৃষিপণ্য পরিবহন।
এ উদ্যোগে ভারত, তুরস্ক ও মিসরের ভূমিকার প্রশংসা করেছেন সিবিহা। তার ভাষ্য, দেশগুলো কৃষ্ণসাগরে উত্তেজনা কমাতে মধ্যস্থতা ও কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
ইউক্রেনের বাণিজ্যের জন্য কৃষ্ণসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম বড় খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানিকারক দেশটির অধিকাংশ শস্য যুদ্ধের আগে এই সাগরের বন্দরগুলো দিয়েই আন্তর্জাতিক বাজারে যেত। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর ওই পথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য রপ্তানি চুক্তি হলেও ২০২৩ সালে তা থেকে সরে যায় রাশিয়া।
এরপর নিজস্ব সামুদ্রিক করিডর চালু করে রপ্তানি অব্যাহত রাখার চেষ্টা করে ইউক্রেন। তবে রুশ হামলা, সমুদ্রের মাইন ও নিরাপত্তাঝুঁকির কারণে ওই পথে জাহাজ চলাচল এখনো অনিশ্চিত।
গত ১৯ নভেম্বর জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইউক্রেনের নেতারা কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির আহ্বান জানান। তাদের মতে, এ অঞ্চলে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা শুধু ইউক্রেনের স্বার্থেই নয়, বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।
কিয়েভের নতুন প্রস্তাবে মস্কো কী প্রতিক্রিয়া জানায়, এখন সেটিই দেখার বিষয়। রাশিয়া এতে সম্মত হলে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি এবং আন্তর্জাতিক খাদ্য সরবরাহব্যবস্থায় স্বস্তি ফিরতে পারে।
source: Rajneete







