বিদেশ যেতে জামানত ছাড়াই ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন নারীরা

চাকরির জন্য বিদেশগামী নারী কর্মীদের জামানত ছাড়াই তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক। তবে ঋণের জন্য একজন জামিনদার লাগবে।
২০১১-১২ অর্থবছর থেকে ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ৭ হাজার ৩৯৮ নারীকে ১৬৭ কোটি ৩৩ লাখ টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি। এই ঋণের সুদের হার বছরে ৯ শতাংশ। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। এর মধ্যে কিস্তি শুরুর আগের ছাড়ের সময়ও ধরা আছে।
ছাড়ের সময় শেষ হলে মাসিক সমান কিস্তিতে টাকা ফেরত দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সাত দিনের মধ্যে ঋণ দেওয়ার কথা বলছে ব্যাংক।
বিদেশে যেতে ভিসা, যাতায়াতসহ নানা ধরনের ব্যয় মেটাতে অনেক নারীকে ঋণের ওপর নির্ভর করতে হয়। সৌদি আরব যেতে ইচ্ছুক সিরাজগঞ্জের আমিনা খাতুন বলেন, ‘আমি দেশের বাইরে যেতে চাচ্ছি, মোটামুটি কাজ আগাচ্ছি। ভাবছিলাম কারও কাছে সুদের টাকা নিয়ে যাব। এলাকার চাচার কাছে শুনেছি প্রবাসী ব্যাংক নাকি কিছু কাগজ দিলেই লোন দেবে। ঋণটা পেলে আমার দুশ্চিন্তা চলে যাবে।’
ঋণ নেওয়ার আগে আবেদনকারীকে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে। পাশাপাশি নিজের নামে একটি সচল ব্যাংক হিসাব থাকতে হবে। সেই হিসাবের তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা ও হিসাব বিবরণী জমা দিতে হবে।
ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমের সঙ্গে দিতে হবে তিন কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ডের ফটোকপি। সঙ্গে অভিবাসন ব্যয়ের রসিদও জমা দিতে হবে। বিদেশের কর্মস্থলের ঠিকানা, টেলিফোন নম্বর, ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেইল ঠিকানা থাকলে সেগুলো আবেদনে উল্লেখ করতে হবে। তবে রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে বিএমইটি কার্ড বাধ্যতামূলক নয়।
রি-এন্ট্রি ভিসায় বিদেশে যেতে ইচ্ছুক নারীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ এবং বিদেশে কর্মসংস্থানের প্রমাণ জমা দিতে হবে। এসব কাগজপত্র যাচাই করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
ঋণের জন্য আর্থিকভাবে সক্ষম একজন ব্যক্তিকে জামিনদার করতে হবে। জামিনদারের ছবি, জাতীয় পরিচয়পত্র, পেশার প্রমাণপত্র এবং তার ব্যাংক হিসাবের তিনটি স্বাক্ষরিত চেকের পাতা ও হিসাব বিবরণী জমা দিতে হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগম এশিয়া পোস্টকে বলেন, ‘বিদেশগামী নারী কর্মীদের সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে আমাদের ব্যাংকের মাধ্যমে। এ ঋণের জন্য একজন গ্যারান্টর প্রয়োজন। তবে তাকে সরকারি চাকরিজীবী হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।’
জামানত না লাগলেও এ ঋণ নিতে কিছু বাড়তি খরচ আছে। ঋণের বিপরীতে শূন্য দশমিক ৫০ শতাংশ হারে নথিপত্র ফি ও ভ্যাট দিতে হবে। এ ছাড়া প্রতি লাখ টাকা ঋণের জন্য ৯০০ টাকা করে ঝুঁকি আচ্ছাদন প্রকল্পের ফি দিতে হবে। স্ট্যাম্প বাবদ ১০ টাকা মূল্যের ১৬টি রাজস্ব স্ট্যাম্প এবং জামিনদারের জন্য ১০০ টাকা মূল্যের তিনটি আঠাযুক্ত স্ট্যাম্প লাগবে।
ওয়াহিদা বেগম জানান, প্রবাসীদের ঋণের টাকা পরিশোধ সহজ করতে অগ্রণী ব্যাংক ও সিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সংযোগ চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। এটি চালু হলে প্রবাসীরা সরাসরি ব্যাংকের মাধ্যমে ঋণের টাকা পাঠাতে পারবেন।
source: Asia Post








