News

ছয় মামলার আসামি ছাব্বির, ধর্ষণের আসামি কামাল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ছয় মামলার আসামি মো. ছাব্বির হোসেন (২৩) এবং ভোলার কুঞ্জপট্টি এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মো. কামাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর উপপরিচালক মিডিয়া মেজর এম মুবীন রহমান তাপস।

এম মুবীন রহমান তাপস জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ছয় মামলার আসামি ছাব্বির হোসেন মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অবস্থান করছেন। পরে এসআরবি-২-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে মেজর মুবীন রহমান তাপস জানান, ছাব্বির দীর্ঘদিন ধরে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

পিসিপিআর যাচাই করে এসআরবি কর্মকর্তা তাপস জানান, ছাব্বিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি এবং আদাবর থানায় দস্যুতার একটি মামলা রয়েছে।

মেজর মুবীন রহমান তাপস আরও জানান, একই দিন এসআরবি-২ ও এসআরবি-৮-এর যৌথ অভিযানে ভোলার কুঞ্জপট্টি এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গত ৪ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এলাকার একটি বাসায় ৭ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে কামাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা ৫ অক্টোবর আদাবর থানায় মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় আদাবর থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ০৪, তারিখ ৫ অক্টোবর ২০২৬; জিআর নম্বর ১৬৫/২৬।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

source: Asia Post

Back to top button