News

নিখোঁজের পর ফিরল দুই শিক্ষার্থী, জানাল ঘুরতে গিয়েছিল

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর দুই শিক্ষার্থী পুলিশ ও পরিবারের সদস্যদের জানায়, কাউকে না জানিয়ে নিজেরাই ঘুরতে বের হয়েছিল তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড় ৯টার দিকে রায়পুর থানা-পুলিশের হস্তক্ষেপে অভিভাবকরা তাদের নিজ জিম্মায় নিয়ে যান।

উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো—ইকরামুল হাসান মিনহাজ (১৪) ও আরাফাত আজিম। তারা দুজনই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং পরস্পরের বন্ধু।

পুলিশ ও পরিবারের সঙ্গে কথা বলে দুই শিক্ষার্থী জানায়, বাড়ি থেকে বের হয়ে প্রথমে আনন্দবাজার এলাকায় যায় তারা। সেখান থেকে জয়পুর স্টেশন হয়ে বাসস্ট্যান্ডে যায়। পরে লঞ্চঘাটে গিয়ে টিকিট কেটে ঢাকার উদ্দেশে রওনা হয়। ঢাকায় পৌঁছে অটোরিকশায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যায় তারা। সেখান থেকে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা থাকলেও টাকা না থাকায় সেদিন ট্রেনে যেতে পারেনি।

পরে মঙ্গলবার চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে একটি লোকাল ট্রেনে ওঠে তারা। চট্টগ্রামে পৌঁছে ঘোরাঘুরি ও ছবি তোলার পর আবার লোকাল ট্রেনে ঢাকার দিকে ফিরে আসে দুই বন্ধু। পরে নিজেদের বাড়িতে ফিরে যায় তারা।

এর আগে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর তাদের ইমো স্টোরিতে চট্টগ্রামের সিআরবি এলাকায় তোলা ছবি পাওয়া যায়। পরে তাদের মোবাইল নম্বরের সর্বশেষ অবস্থান চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকায় শনাক্ত হওয়ার তথ্য জানায় পুলিশ। এতে পরিবার ও পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

পরিবারের সদস্যরা জানান, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। এরপর আর বাড়িতে ফেরেনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, দুই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা দুজন বন্ধু। অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। তারা নিজেরাই ঘুরতে বের হয়েছিল বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজ হওয়ার পর তাদের ইমো স্টোরিতে চট্টগ্রামের সিআরবি এলাকায় থাকার ছবি পাওয়া যায়। পরে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। বর্তমানে তারা নিরাপদে আছে এবং পরিবারের কাছে ফিরে গেছে।

source: Asia Post

Back to top button