সমন্বিত উদ্যোগে বীমা খাত হতে পারে অর্থনীতির চালিকাশক্তি

চার্টার্ড লাইফ ইন্সুরেন্স পিএলসি-এর বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমদাদ উল্লাহ। আলোর মিছিল-এর সঙ্গে সাক্ষাৎকারে তুলে ধরেন বাংলাদেশের বীমা খাতের বিভিন্ন দিক।
বাংলাদেশের বীমা খাতে রয়েছে অপার সম্ভাবনা। কিন্তু গ্রাহকের টাকা সময়মতো পরিশোধ না হওয়া, অনিয়ম, আইনের দুর্বল প্রয়োগ এবং অতিরিক্ত প্রতিযোগিতার কারণে খাতটি এখনো কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারেনি। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ এমদাদ উল্লাহর মতে, দক্ষ জনশক্তি তৈরি, আইনের কঠোর প্রয়োগ এবং দক্ষ ব্যবস্থাপনা—এই তিনটি বিষয় নিশ্চিত করাই বীমা খাতের আস্থা ফেরানোর মূল চাবিকাঠি।
প্রশ্ন: চার্টার্ড লাইফ নিয়ে আপনার স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী?
মোহাম্মদ এমদাদ উল্লাহ: দেখুন, আমি চার্টার্ড লাইফের জার্নির প্রথম দিন থেকেই আছি। আমি যদি বলি, এই কোম্পানির ডে ওয়ানের এমপ্লয়ী এবং আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে আমরা অলমোস্ট ১৩ বছর শেষ করছি, ১৪ বছরে এখন পা দেব। আমাদের স্বপ্ন ছিল চার্টার্ড লাইফকে বাংলাদেশের প্রথম সারির একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে পরিণত করা। ইতিমধ্যে আমরা সেটা করতে পেরেছি।
ইন টার্মস অব কমপ্লায়েন্স, আমরা চেষ্টা করি শতভাগ রেগুলেটরি আইন বা বাংলাদেশ সরকারের আইন পুরোটা পরিপালন করতে। ইন টার্মস অব ইথিক্স, আমাদের যে ফিল্ডফোর্সরা আছেন, তাঁরা চেষ্টা করেন কাস্টমারকে দ্রুত সেবা পৌঁছে দিতে। আর বীমার দাবি পরিশোধ বা ক্লেইম সেটেলমেন্টের ক্ষেত্রে, লাস্ট ইয়ারের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডাটা যদি বলি, ৯৯ দশমিক ০৮ শতাংশ ক্লেইম আমরা অন ডেটে সেটেল করার চেষ্টা করি।
তবে আমাদের স্বপ্ন হচ্ছে কোম্পানিটাকে বাংলাদেশে এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়া, যেখানে তরুণ প্রজন্ম বা যেকোনো বিনিয়োগকারীর পছন্দের তালিকার শীর্ষে চার্টার্ড লাইফ থাকে। এখন হয়তো আমরা ১০০ কোটির ভেতরে আছি বিজনেসে, বাট আমাদের টার্গেট হচ্ছে এটাকে কীভাবে হাজার কোটি টাকায় নেওয়া যায়, তা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করছি।
প্রশ্ন: কী কী সংগ্রাম করতে হচ্ছে, কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন?
মোহাম্মদ এমদাদ উল্লাহ: সংগ্রাম যেটা কিছুক্ষণ আগে বলছিলাম—দক্ষ জনবলের অভাব। যেহেতু আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশের মানুষ, আমাদের ধৈর্য অনেক কম। আমরা খুব সহজে ধৈর্য হারিয়ে ফেলি। এর সঙ্গে কিছু অসুস্থ প্রতিযোগিতা যুক্ত হয়ে দুটো মিলে আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে পারছি না। কারণ ভালো প্রতিষ্ঠান তখনই তৈরি হয়, যখন ভালো কর্মী তৈরি হয়। চার্টার্ড লাইফে আমরা সব সময় এই কর্মী তৈরির সংগ্রামটা করে যাই। আমরা ভালো লোক তৈরি করি, দেখা যায় অন্যরা তাঁদের বেশি পদ দিয়ে নিয়ে যায়।
মাঠপর্যায়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে বীমার বিষয়গুলো বোঝানো—কেন বীমা, কীভাবে বীমা কাজ করে এবং মেয়াদপূর্তিতে কীভাবে অর্থ পাওয়া যায়। এসব সুন্দরভাবে বোঝানোর জন্য দক্ষ জনবল দরকার। আমার প্রায় ২৭ বছর শেষ, ২৮ বছর চলছে। আমরা যেভাবে গ্রাহকদের বীমা বুঝিয়ে বিক্রি করেছি, এখনকার যুগের ছেলেমেয়েরা সেই কাজটা করে না। এটা না করার কারণে প্রতিনিয়ত প্রত্যেকটি কোম্পানিই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এটা শুধু চার্টার্ড লাইফের সমস্যা নয়, পুরো খাতেরই সমস্যা। হাতে গোনা দুই-একটি কোম্পানি বাজারে নেতৃত্বস্থানীয় অবস্থানে চলে গেছে, তাদের নিজস্ব ব্যবস্থা আছে, তারা ভালো করছে। তবে দক্ষ জনবলই প্রথম চ্যালেঞ্জ।
দ্বিতীয় চ্যালেঞ্জ হলো নিয়ন্ত্রক সংস্থা। এই মুহূর্তে ৮২টি জীবন ও সাধারণ বীমা কোম্পানি আছে। প্রতিটি কোম্পানিকে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কিছুটা ব্যর্থতা ছিল। যদিও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বর্তমান চেয়ারম্যানের জন্য আমরা শুভকামনা জানাই। তিনি এমন একটা সময়ে যাত্রা শুরু করেছেন, যখন প্রতিটি কোম্পানিকে ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করছেন। এটাকে যথাযথভাবে নজরদারি করা গেলে হয়তো কিছুটা উন্নতি হবে।
তৃতীয়ত হচ্ছে মেয়াদপূর্তি বা বীমার দাবি পরিশোধে অনাগ্রহ। হাতে গোনা চার-পাঁচটি বা সাতটি কোম্পানির কারণে পুরো ৩৬টি কোম্পানিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু গ্রাহকের বীমার দাবি পরিশোধ হওয়া সর্বাগ্রে প্রয়োজন। আইনেও বলা আছে, মেয়াদপূর্তির তারিখ অথবা যেকোনো দাবি উত্থাপনের পর ৯০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে। না হলে যত দেরি হবে, তত তাকে সুদসহ তা দেওয়ার কথা। কিন্তু আদৌ কোন কোম্পানি তা দেয় কি না, জানি না; খুবই বিরল। তার মানে এখানেও আইনের প্রয়োগের অভাব আছে, কিন্তু এই বিষয়টি দেখার কেউ নেই।
আর সর্বোপরি যদি বলি, মালিকপক্ষের সচেতনতা। যাঁরাই পরিচালনা পর্ষদে আসেন, তাঁদের উচিত কোম্পানিটি সঠিকভাবে চলছে কি না, তা দেখা। কারণ দক্ষ ব্যবস্থাপনা একটা বড় বিষয়। তাঁরা যাঁদের নিয়োগ দিয়ে কোম্পানিটা ছেড়ে দিচ্ছেন, সেখানে যদি যোগ্য লোক না থাকে, সেখানেও একটা ঘাটতি হবে।
প্রশ্ন: বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্যবীমার অবস্থা কেমন?
মোহাম্মদ এমদাদ উল্লাহ: আমরা মূলত জীবনবীমা কোম্পানি। মানুষের জীবনবীমার সঙ্গে স্বাস্থ্যবীমাটাকেও সম্পূরক হিসেবে বিক্রি করি। এখানে অপার সম্ভাবনা আছে। স্বাস্থ্যবীমার ক্ষেত্রে আমার ছোট দুই-তিনটা প্রকল্প আছে। যেমন সাজেদা ফাউন্ডেশন একটি এনজিও, তারা আমাদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে বীমা সুবিধা দিচ্ছে। আমার এখনো মনে আছে, সুনামগঞ্জের হাওরের মানুষকে আমি ডিজিটাল বীমা দাবি পরিশোধের আওতায় দুই-তিনটি উপজেলায় নিয়ে এসেছি।
এরকম অনেক জায়গায়, যেমন ব্র্যাকের ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রায় ১ কোটি ৩০ লাখ গ্রাহক আছে। তারা চেষ্টা করছে সবাইকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসার। এখন আমরা সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারি না, কারণ আইনের সুনির্দিষ্ট প্রয়োগ দরকার। আইন প্রণয়ন করা দরকার।
কারণ দেখেন, আমরা স্কুলে ভর্তি হব, এটা আমাদের অধিকার। সরকার প্রাথমিক শিক্ষাটা অবৈতনিক করে রেখেছে, সবাই পড়ে। যার সামর্থ্য আছে, সে বেসরকারি স্কুলে পড়ে। বীমা আমার দরকার, কিন্তু সরকার কোথাও বাধ্যতামূলক করেনি যে বাংলাদেশের রাস্তায় চলতে গেলে বা কাজে যেতে গেলে বীমা লাগবে। একটা আইন আছে, প্রতিষ্ঠানে ২৫ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী থাকলে বীমা করতে হবে। তাহলে যারা কলকারখানা পরিদর্শন করেন, তাঁরা কি কোথাও গিয়ে এই আইন পরিপালন হয়েছে কি না দেখেন? কোথাও দেখেন না। যদি দেখতেন, আজ বাংলাদেশে জীবন বা সাধারণ—দুই ধরনের বীমা থেকেই জিডিপিতে প্রচুর টাকা অবদান রাখার সুযোগ ছিল।
এখন স্বাস্থ্যবীমা কেন হয় না? প্রথমত, সরকারের আইন নেই। দ্বিতীয়ত, আমাদের কাছে উদ্ভাবনী পণ্য আছে, কিন্তু জনগোষ্ঠীর কাছে বললে তারা চিন্তা করে, ‘আমি তো দিনে এনে দিনে খাই, আমি কেন করব?’ লাভের চিন্তার কারণ হলো, স্বাস্থ্যবীমায় কখনো আর্থিক লাভ দেওয়া হয় না। স্বাস্থ্যবীমা তাকে নিশ্চয়তা দেয়—তুমি অসুস্থ হয়ে হাসপাতালে গেলে চিকিৎসার খরচটা বীমা কোম্পানি বহন করবে।
এই কথাটা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে একটা মাধ্যম দরকার। সরকারি স্বাস্থ্যকর্মীদেরও সরকার চাইলে কাজে লাগাতে পারে। উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা বা স্বাস্থ্যকর্মীদের দিয়েও এটা প্রচার করা সম্ভব। প্রতিদিন একজন মানুষ ১ টাকা সঞ্চয় করলে ৩০ দিনে ৩০ টাকা, ৩৬৫ দিনে ৩৬৫ টাকা। আমি তার এক বছরের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিতে পারি। এটা সম্ভব।
সে যখন উপজেলা হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে, তাকে যদি নির্ধারণ করে দেওয়া হয়—‘তোমার সর্দি-কাশি-জ্বর যা-ই হোক, হাসপাতালে বিনা মূল্যে ওষুধ পাবে।’ আমি যদি বলি, ‘বীমার আওতায় তুমি এটা পাবে’, আর ওষুধ সরবরাহকারীকে যদি বলা হয়, ‘তুমি এটা পরিশোধ করবে’—এই সমন্বিত ব্যবস্থা যদি সরকারের সঙ্গে মিলে করা যেত, তাহলে অপার সম্ভাবনা ছিল।
বাইরের যেকোনো দেশে হাসপাতালে গেলে প্রথমে জিজ্ঞাসা করে, ‘আপনি বিলটা কীভাবে পরিশোধ করবেন—বীমায়, নাকি নিজে?’ অর্থাৎ সেখানে মানুষের ধারণা হলো, স্বাস্থ্যবীমা থেকেও চিকিৎসার খরচ পরিশোধ করা যায়। আমাদের সেই চর্চাটাই নেই।
এখন বড় বড় কিছু হাসপাতালে করপোরেট প্রতিষ্ঠান বীমা করার কারণে আমরা নগদবিহীন চিকিৎসা সুবিধা দিচ্ছি। যেমন আমাদের একটি পলিসি আছে, যেখানে প্রতিদিন মাত্র ২ টাকা ৭২ পয়সা দিয়ে গ্রাহক এই সুবিধা নিতে পারেন। আমাদের এ বিষয়ে ভালো রেকর্ডও আছে। তো এই জায়গাটায় আমি মনে করি, স্বাস্থ্যবীমার সম্ভাবনা অনেক।
তবে এখানে তিনটি পক্ষ—সরকার, বেসরকারি খাত এবং বীমা খাত—এই তিনটিকে যদি সরকার যৌথভাবে এগিয়ে নিতে পারে, তাহলে এখানে একটা সুফল আসতে পারে এবং জিডিপিতে বীমা খাতের ভালো অবদান আসতে পারে।
প্রশ্ন: বীমা খাতের সম্ভাবনাটা কেমন?
মোহাম্মদ এমদাদ উল্লাহ: সমস্যা হচ্ছে ইচ্ছাশক্তি। আমরা যখন একসময় মন্ত্রণালয়ে যেতাম, সরকারি আমলারা বীমার কথা শুনতেই পারতেন না। এখন আস্তে আস্তে শুনছেন এবং সরকার বিভিন্ন প্রকল্পে বীমা রাখছে। তার মানে মানসিকতার পরিবর্তন হচ্ছে। আগে বলত, বীমা খারাপ জিনিস; এখন সেই মানসিকতার পরিবর্তন আসছে।
এখন এই মানসিকতার পরিবর্তনটাকে যদি আইনে রূপান্তর করা যেত! একটু আগে বললাম, আইনে বলা আছে ২৫ জন কর্মচারী থাকলে বীমা করতে হবে। এটাকে বাধ্যতামূলক করা উচিত এবং যেসব প্রতিষ্ঠান তা করবে না, তাদের শাস্তির আওতায় আনা উচিত।
আজকে আমরা টেসলার কথা বলি। দেখেন, পাঁচ বছর হয়ে গেলেও টেসলাকে এখনো নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু আমি মনে করি, টেসলাকেও নিয়ন্ত্রণ করা যায়। তার ড্রাইভিং লাইসেন্স যেমন এখন আলোচনায় আসছে, আমি যদি বলি, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার সময় তার বীমা আছে কি না, সেটা চেক করি? বীমা ছাড়া তার ড্রাইভিং লাইসেন্স বা কর নবায়ন হবে না। এভাবে ছোট ছোট খাতে আইনটাকে অন্তর্ভুক্ত করা যায়।
সরকার যদি এই উদ্যোগ নেয়, সরকারি প্ল্যাটফর্মে যারা আছেন তাঁরা যদি এটি বাস্তবায়নে নেন এবং বীমা কোম্পানিগুলো সরকারকে সহযোগিতা দেয়, এই তিন পক্ষ মিলে এটা সম্ভব।
আর সম্ভাবনা কেমন? ১৮ কোটির দেশে মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ বীমার আওতায়। তার মানে বাজারটা অনেক বড় হওয়ার সুযোগ আছে। আমি বিশ্বাস করি, আজকে সব বীমা কোম্পানি মিলে গত বছর ১ হাজার ৪০০ কোটি টাকা আয় করেছি, কিন্তু এটা ১৪ হাজার কোটি টাকা হওয়ার কথা, বিলিয়নে পৌঁছে যাওয়ার কথা। কারণ ১৮ কোটি মানুষের ১ শতাংশকেও আমরা এখনো আওতায় আনতে পারিনি। ১ শতাংশকে নিতে পারলে জিডিপিতে আমাদের প্রায় ২ থেকে ৬ শতাংশ অবদান আসতে পারে।
তাই সরকারের একটু এদিকে নজর দেওয়া দরকার। ব্যাংকগুলো একসময় বেসরকারি পর্যায়ে অনেক তলানিতে ছিল, আজকে ব্যাংকগুলোর একটা পরিপূর্ণতার সীমা চলে এসেছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো—স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়—বাংলাদেশে একটা পর্যায়ে চলে গেছে। একমাত্র খাত বীমা, যেটা এখনো তলানিতে পড়ে আছে।
সরকার যদি একটু উদ্যোগ নেয়, এই খাতটাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করে—যেমন ব্যাংকাস্যুরেন্সের একটি ব্যবস্থা সম্প্রতি করেছে। ব্যাংকের মাধ্যমে বীমা বিক্রি হচ্ছে। এটা সম্ভাবনার নতুন দরজা খুলেছে। মানুষ মানুষকে হয়তো বিশ্বাস করে না, কিন্তু ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে। ব্যাংকের মাধ্যমে যদি বীমার অর্থ পরিশোধ করা যায়, তাহলে মাঝখানে যে মধ্যস্থতাকারী বা দালালের বিষয়টি থাকে, সেটা আর থাকে না। ব্যাংকারদের শুধু একটু সময় দিতে হবে, গ্রাহককে বীমার বার্তাটা দিতে হবে। এতে আমরা একটা নতুন দরজা খুললাম।
কিন্তু সেখানেও কিছু শর্ত দিয়ে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে আটকে রাখছে—খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে নামতে হবে। এখন খুব কম ব্যাংকের খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে। এখন শুধু ওই কয়েকটি ব্যাংকই করছে। কিন্তু আমার ৪৬টা ব্যাংক! তাহলে আমি যদি সব ব্যাংককে বলি, তোমার যত গ্রাহক আছে, তাদের সবাইকে বীমার আওতায় নিয়ে আসো! কিছু না, সরকারের শুধু একটা প্রশাসনিক আদেশ, আর কিছু নয়।
রাস্তা দিয়ে হাঁটব, বিদেশে দেখেন আমার ভাইয়েরা যারা কাজ করতে যান, প্রত্যেকেরই একটা স্বাস্থ্য কার্ড থাকে। এখানে কত নির্মাণকাজ হচ্ছে, যত নির্মাণশ্রমিক আছে, তাদের কি কোনো নিরাপত্তা বীমা আছে? আমি যখনই দরপত্র দিচ্ছি, কাজের আদেশের সঙ্গে সিটি করপোরেশন বা সিডিএ অনুমোদন দেওয়ার সময় যদি বলে—প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত যত লোক এই এলাকায় কাজ করবে, তাদের বীমা বাধ্যতামূলক। দেখেন, ছোট ছোট উদ্যোগ। এগুলো নেওয়া গেলে স্বয়ংক্রিয়ভাবেই এখানে অনেক বড় একটা বাজার তৈরি হতো।
প্রশ্ন: বাংলাদেশে বীমা খাতে আস্থার সংকট কী কারণে?
মোহাম্মদ এমদাদ উল্লাহ: এটার দুটো প্রধান কারণ। প্রথমত, মানুষ যে সঞ্চয়টা করে, যথাসময়ে তার সঞ্চয়টা ফেরত পায় না। এই যে কথা দিয়ে কথা না রাখার সংস্কৃতি—সাধারণ মানুষ তো দূরের কথা, আমি হলেও সেবা না পেলে দ্বিতীয়বার করব না। আমি ব্যাংকে টাকা রাখছি, ব্যাংক আজ আমাকে টাকা দিতে পারল না, হয়তো দুই দিন পরে পাব। কিন্তু সুযোগ পেলেই ওই ব্যাংকে আর টাকা রাখব না। একবার যখন মানুষের এই আস্থায় চিড় ধরে, তখন আর হয় না।
আমাদের বেশিরভাগ বেসরকারি বীমা কোম্পানির গ্রাহকদের দুই-তিন বছর হয়রানির শিকার হতে হয়েছে। পাশাপাশি মালিকপক্ষগুলো বিভিন্নভাবে তাদের ব্যবস্থাপনাকে ব্যবহার করে বীমা কোম্পানিগুলো থেকে অনেক টাকা সরিয়ে নিয়েছে, যা কখনোই উচিত নয়। এই দুটির সমন্বয়ের কারণেই এই সংকট।
নিয়ন্ত্রক সংস্থার আইন আছে, কিন্তু আইনের প্রয়োগে শিথিলতা আছে। এই দুটোকে যদি অন্তত নিয়ন্ত্রণ করা যেত, বীমা খাত অন্য পর্যায়ে উঠতে পারত।
আর এতগুলো কোম্পানি! ভারতে ১৮টি কোম্পানি, কত বড় দেশ! জাপান বাংলাদেশের চেয়ে প্রায় ১২ গুণ বড়, সেখানে মাত্র ২০টি কোম্পানি। আর আমরা এত ছোট একটি দেশ, আমাদের ৩৬টি জীবনবীমা কোম্পানি! এটার কোনো প্রয়োজন নেই। কোম্পানি বেশি হওয়ার কারণে অসৎ প্রতিযোগিতা বেড়ে গেছে এবং এসব অপরাধ তৈরি হচ্ছে। আর যারা মাঠকর্মী, তারাও গ্রাহকের টাকা যথাসময়ে জমা না দিয়ে অনেকে আত্মসাৎ করেন—এটাও একটা বড় কারণ। এই জায়গাগুলোকে যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি, আমার বিশ্বাস, ইস্যুরেন্সের সুবাতাসটা ফিরে আসবে।
প্রশ্ন: আস্থার এই সংকট দুর করতে কি করা প্রয়োজন?
মোহাম্মদ এমদাদ উল্লাহ: প্রথমত হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করা, দ্বিতীয়ত হচ্ছে আইনের কঠোর প্রয়োগ এবং তৃতীয়ত হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। এই তিনটা যদি হয়, মালিকপক্ষ তখন আর অনিয়ম করার সাহস পাবে না। এই তিনটা জিনিসই তিনটি স্তম্ভ হিসেবে কাজ করতে পারে।
প্রশ্ন: গ্রাহকদের টাকা সময়মতো পরিশোধ না হওয়ার মূল কারণটা কী মনে করেন?
মোহাম্মদ এমদাদ উল্লাহ: ফান্ড ব্যবস্থাপনা। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যেমন আমার কোম্পানির এই মুহূর্তে সলভেন্সি মার্জিন হচ্ছে ১ দশমিক ৯। অর্থাৎ আমার যদি ১ টাকা দায় থাকে, আমার ২ টাকা পরিশোধ করার মতো সক্ষমতা আছে। কেন? কারণ আমরা সঠিকভাবে ফান্ড ব্যবস্থাপনা করতে পেরেছি, একটা টাকাও কোম্পানি থেকে এদিক-সেদিক হয়নি।
এখন গ্রাহক তো বিশ্বাস করে আমার কোম্পানিকে টাকাটা দিয়েছে। তাহলে ব্যবস্থাপনার কাজ কী? এই টাকার সঠিক ব্যবহার করা। আইন আমাকে বলে দিয়েছে, এই ১০০ টাকা আমি কোথায় রাখতে পারব। জীবনবীমা তহবিলের ৩০ শতাংশ আমাকে অবশ্যই সরকারি কোষাগারে রাখতে হবে, ৩০ শতাংশ নিরাপদ বিনিয়োগে এবং ৪০ শতাংশ ঝুঁকিমুক্ত বিনিয়োগে রাখতে হবে।
আমাদের চার্টার্ড লাইফের এই মুহূর্তে প্রায় ৯৬ কোটি টাকার মতো সরকারি কোষাগারে আছে, যদিও আমার জীবনবীমা তহবিল ৮০ কোটি টাকা, কারণ আমার সম্পদ ১৩২ কোটি টাকা। অর্থাৎ জীবনবীমা তহবিলের চেয়েও বেশি টাকা আমি সরকারি কোষাগারে রেখেছি। কেন রেখেছি? নিরাপত্তার জন্য। যাতে কোনো কারণে আজ চার্টার্ড লাইফের সব গ্রাহক মারা গেলেও আমার কোম্পানি তাৎক্ষণিকভাবে দাবি পরিশোধ করতে পারে।
এই যে ফান্ড ব্যবস্থাপনা, এটা হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। এটা যদি না থাকে, তাহলে হবে না। যে কোম্পানিগুলোতে এটা নেই, সেখানে তহবিলের সংকট তৈরি হয়। দুর্বল বা ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করার কারণে গ্রাহকের মেয়াদপূর্তি এলে তারা টাকা দিতে পারে না।
আমরা যেটা করি—এখন সেপ্টেম্বর শেষ, অক্টোবর থেকে আমাদের বাজেট অধিবেশন শুরু হবে। আগামী ১২ মাসের কোন মাসে কত টাকা মেয়াদপূর্তি ও আংশিক মেয়াদপূর্তি হবে, আমরা আগেই মাসভিত্তিক তথ্য নির্ধারণ করে ওই টাকাটা আলাদা করে রাখি। যাতে নির্ধারিত সময়ে দাবি পরিশোধ করা যায়। যেমন আজ সকালে এসে আমি অনেকগুলো দাবি অনুমোদন করেছি। আমার দাবি পোর্টালে এখন কোনো দাবি অপেক্ষমাণ নেই। কারণ আমরা চাই, আজ গ্রাহকের দাবি অনুমোদন হলে দিনের শেষেই যেন তাঁর হিসাবে টাকা চলে যায়। গ্রাহক যেন অনুভব করেন, ‘হ্যাঁ, সেবা পাচ্ছি।’
এখন যারা এই ফান্ড ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারে না, সেই কোম্পানিগুলোতেই এই সমস্যা তৈরি হয়েছে। এ জন্যই একটু আগে বললাম, দক্ষ ব্যবস্থাপনা দরকার। আমি শুধু একটা লাইসেন্স নিয়েই ক্ষান্ত হলাম না; সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে পারছি কি না, সেটাও দেখতে হবে।
প্রশ্ন: বীমা খাতে গ্রাহকের টাকা কতটুকু নিরাপদ?
মোহাম্মদ এমদাদ উল্লাহ: বীমা খাতই হচ্ছে একমাত্র খাত, যেখানে গ্রাহকের টাকা শতভাগ নিরাপদ।
প্রশ্ন: কিন্তু বাস্তবতা?
মোহাম্মদ এমদাদ উল্লাহ: বাস্তবে আইনের প্রয়োগের অভাব রয়েছে। তবে আমি যদি বলি, আজকে আপনি নামী কোম্পানিগুলোতে যান—মেটলাইফে যান, গার্ডিয়ান লাইফে যান বা আমার গ্রাহকদের সঙ্গে কথা বলেন, দেখবেন তারা অনেক সন্তুষ্ট। এখন হাজারের ভিড়ে চার-পাঁচজন ভালো করলে তো পুরো খাতের চিত্র বদলাবে না। আমাদের বাকি ৯৯৫ জনকেও ভালো করতে হবে।
এদের ভালো করার জন্য সমন্বিত উদ্যোগ দরকার। বিআইএর প্রেসিডেন্ট ইতিমধ্যে চেষ্টা করছেন কীভাবে পুরো খাতটাকে কলুষমুক্ত করা যায়। বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে দফায় দফায় বসছেন, আইডিআরএর সঙ্গেও বসছেন। আইডিআরএর বর্তমান চেয়ারম্যানও খুব বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন, আমরা সত্যিই প্রশংসা করি। প্রথমবারের মতো বীমা খাতের বাইরে থেকে একজন ভালো মানুষকে দায়িত্বে পেয়েছি। আমার বিশ্বাস, তাঁর আন্তরিকতা থাকলে এই খাতটা হয়তো তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়াবে।
প্রশ্ন: এই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন দেখেন?
মোহাম্মদ এমদাদ উল্লাহ: বাংলাদেশে সবচেয়ে অবহেলিত খাত যদি বলি, তবে সেটা ইনস্যুরেন্স। কিন্তু এটাকে যত্ন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগিয়ে নেওয়া গেলে এই খাতই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হতে পারে। বিভিন্ন দেশে ইনস্যুরেন্স অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক দেশে এর পেনিট্রেশন রেট ১২ শতাংশ এবং জিডিপিতে কন্ট্রিবিউশনও ১২ শতাংশের বেশি।
বাংলাদেশে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা তা কাজে লাগাতে পারিনি। অর্থনীতিতে যদি কন্ট্রিবিউটই করতে না পারি, তাহলে এই সেক্টর রেখে লাভটা কী? তাই আমাদের সমন্বিত উদ্যোগ দরকার। মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে, সরকারকে আইন প্রয়োগ করতে হবে এবং ম্যানেজমেন্টকে জিরো কমপ্লায়েন্সের দিকে যেতে হবে। তাহলে অটোমেটিক্যালি এই সেক্টর তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে।
এখন আমরা জেন-জি যুগে আছি। এই প্রজন্ম অনেক কিছু দেখে ও বোঝে। আমার প্রতিষ্ঠানেও বেশ কিছু তরুণকে অনবোর্ড করেছি, আরও করছি। আমরা ইনস্যুরেন্সকে ডাইভার্সিফিকেশনের মাধ্যমে এমন পর্যায়ে নিতে চাই, যাতে সবার পছন্দের শীর্ষ কোম্পানির তালিকায় আমাদের নাম থাকে। আমার বিশ্বাস, এটা সম্ভব। তবে এর জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় ইনস্যুরেন্স সেক্টরকে রাখতে হবে।







