News

জলবায়ু-ঝুঁকির দেশগুলোর জন্য তারেক রহমানের ৫ প্রস্তাব

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান বাড়ানোসহ পাঁচ দফা জরুরি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে কপ-৩১ সম্মেলনের প্লেনারি আনাদোলু হলে দ্বিতীয় দিনের ‘লিডার সামিটে’ বক্তব্য দেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তারেক রহমান বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়ন এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার এতে যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বাড়তি বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

সরকারপ্রধান বলেন, সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা উচিত, সেই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা করা।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।

পঞ্চমত, কপ-৩১-এ একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।

বিশ্বনেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশ কপ-৩১ থেকে অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফল প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর ফলাফল প্রয়োজন।

প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

source: Asia Post

Back to top button