News

নাকের অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, চিকিৎসক-নার্স পলাতক

ঢাকার সাভারে একটি বেসরকারি হাসপাতালে নাকের অস্ত্রোপচারের সময় আব্রাহাম (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন শিশুটির স্বজনেরা। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসকসহ হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিদের পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সাভার পৌর এলাকার উলাইলে অবস্থিত আব্বাস স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আব্রাহাম মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার দুবাইপ্রবাসী আব্দুল আলীমের ছেলে।

শিশুটির মা কনা আক্তার জানান, তার ছেলের নাকে পলিপ ও গলায় টনসিলের সমস্যা ছিল। কিছুদিন আগে তারা সাভারের আব্বাস স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক মো. সুমন হোসাইনের কাছে ছেলেকে দেখান। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের আগে ইসিজি করানো হয়। তবে চিকিৎসক না থাকায় ইকো পরীক্ষা করানো সম্ভব হয়নি। পরে বিষয়টি চিকিৎসককে জানালে তিনি ইসিজি রিপোর্ট ভালো আছে জানিয়ে ইকো পরীক্ষার প্রয়োজন নেই বলে জানান।

কনা আক্তার বলেন, বুধবার সকাল ১১টার দিকে ছেলেকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ছোটাছুটি করতে দেখেন তারা। পরে শিশুটিকে আইসিইউতে নেওয়ার কথা বলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) মেডিকেল অফিসার আব্দুল আহাদ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার সময় তার হার্টবিট ছিল না। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরিবারকে জানানো হয়।

এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালান। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা পলাতক রয়েছেন। ​

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফজলে বারী বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী বলেন, সুরতহাল করার সময় শিশুটির শরীরে কাটাছেঁড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, চিকিৎসায় ভুলের অভিযোগের বিষয়ে পুলিশ জানতে পেরেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চিকিৎসকেরা সেখান থেকে চলে যান। তাদের পাওয়া যায়নি।

source: Asia Post

Back to top button