News

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

আজ হিজরি বর্ষপঞ্জির সফর মাসের শেষ বুধবার (১২ আগস্ট), যা মুসলিম বিশ্বে ‘আখেরি চাহার সোম্বা’ হিসেবে পরিচিত। ইসলামী ইতিহাসে ও মুসলিম সমাজে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আবেগঘন এক স্মৃতির সঙ্গে জড়িত।

‘আখেরি চাহার সোম্বা’ শব্দটির অর্থ সফর মাসের শেষ বুধবার। ‘আখেরি’ অর্থ শেষ এবং ‘চাহার সোম্বা’ ফারসি শব্দ, যার অর্থ বুধবার। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে দিনটি ধর্মীয় ও সামাজিকভাবে পালিত হয়ে আসছে।

প্রচলিত বর্ণনা অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের শেষদিকে অসুস্থ হয়ে পড়েন। সফর মাসের শেষ বুধবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল—এমন বর্ণনাকে কেন্দ্র করেই আখেরি চাহার সোম্বার প্রচলন হয়েছে বলে জানা যায়। তবে এ সংক্রান্ত ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনার নির্ভরযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

এ দিনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে মুসল্লিরা নফল নামাজ, দোয়া ও দান-সদকার মতো ইবাদত করে থাকেন। কোথাও কোথাও ধর্মীয় সভা ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।

তবে নির্দিষ্টভাবে আখেরি চাহার সোম্বাকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল বা এর আলাদা ফজিলত রয়েছে কি না, তা নিয়ে ইসলামি চিন্তাবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক আলেমের মতে, কোরআন-সুন্নাহয় এ দিনকে পৃথকভাবে বিশেষ মর্যাদা দেওয়ার নির্ভরযোগ্য দলিল নেই।

এদিকে পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে সরকারিভাবে ‘সাধারণ ছুটি’ নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় দেখা গেছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিন ছুটি পালিত হবে। সে অনুযায়ী সারা দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

source: Asia Post

Back to top button