News

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, স্থায়ীভাবে বহিষ্কার ছাত্রদল নেতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবিরের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। থানায় গিয়ে ওই যুবলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের এক কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফয়সাল কবির আখন্দকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার দুপুরে তাকে ছাড়িয়ে নিতে ব্রাহ্মণপাড়া থানায় যান উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দ।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গ্রেপ্তার এক রাজনৈতিক নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার এমন তদবিরের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

এর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

ওসিকে হুমকি দেওয়া ও বহিষ্কারের বিষয়ে জানতে ফয়সাল কবির আখন্দের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

source: Asia Post

Back to top button