News

৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে ১০ ধরনের সুবিধা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, দেশের ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা পাবেন ১০ ধরনের সুবিধা। কৃষিকে লাভজনক করা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় কৃষকদের জন্য সরকারের এসব পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জনসভায় কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকেই কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের সহায়তা বাড়ানোর পাশাপাশি সেচসুবিধা নিশ্চিত করতে খাল খনন ও নদী সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, সেচসুবিধা বাড়াতে এবং কৃষির পানির সংকট দূর করতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তিনি দাবি করেন, গত আট মাসে প্রায় ৮০০ কিলোমিটার খাল খননের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষকের সেচের পানির সংকট কমবে। বিশেষ করে রাজশাহীসহ উত্তরাঞ্চলের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, সেখানে পানির সংকট মোকাবিলার পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণেও তা সহায়তা করবে।

তারেক রহমান উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই প্রথম এই খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল এবং বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় কৃষকের সেচসুবিধা বাড়ানো ও গ্রামীণ জনপদের পানির কষ্ট কমাতে সরকার আবারও নদী ও খাল খননের কাজ শুরু করেছে।

এদিকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করা হবে। এতে সাধারণ চিকিৎসার জন্য গ্রামের মানুষকে আর দূরের জেলা শহর কিংবা মহানগরীতে ছুটতে হবে না।

তিনি জানান, উপজেলা হাসপাতালগুলোতে শিশু ও নারীদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কিডনি রোগীদের ডায়ালিসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও সরকারের রয়েছে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রাথমিক ও সাধারণ চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে, তবে গুরুতর রোগীদের প্রয়োজনে বড় হাসপাতালে যেতে হতে পারে।

রাজশাহীর চিকিৎসাব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, স্থানীয় নেতারা এখানকার মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০-তে উন্নীত করার দাবি জানিয়েছেন এবং এ বিষয়ে তিনি ইতিবাচক সাড়া দেন।

সমাবেশ শেষে সন্ধ্যায় রাজশাহী ধর্মসভায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সড়কপথে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে গিয়ে সামরিক বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।

source: Asia Post

Back to top button