News

চিকিৎসককে মারধর/ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয় নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসকে মারধরের অভিযোগে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খান সালামকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি ছাত্রলীগ নেতা সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে পুলিশের সূত্রে জানা গেছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজস্ব চেম্বারে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন চিকিৎসক সুরঞ্জিত দাস। এ সময় চিকিৎসা নিতে যান মো. বেলায়েত হোসেন খান। চেম্বারে একজন নারী রোগী থাকায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন চিকিৎসক। এ নিয়ে বেলায়েত হোসেন খান তার ছেলে ইমরান খান সালামকে বিষয়টি জানান।

অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর সালাম তিন-চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। এ সময় চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করা হয়। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক।

চিকিৎসক সুরঞ্জিত দাস সাংবাদিকদের বলেন, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম তার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। এ সময় অশ্লীল ভাষায় গালাগাল ও মারধর করেন তাকে। একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় সালামকে গ্রেপ্তার করা হয়েছে।

source: Asia Post

Back to top button