News

জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্পিকারের

সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া সংসদ সদস্যদের সবার দায়িত্ব।

জাতীয় সংসদকে জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে স্পিকার বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিকদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন, সংসদ সদস্যদের উচিত সংসদীয় রীতিনীতি ও শালীনতা বজায় রেখে দায়িত্ব পালন করা। পারস্পরিক শ্রদ্ধা ও যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সচেষ্ট হতে হবে।

source: Asia Post

Back to top button