News

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: অর্থমন্ত্রী

বর্তমানে দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অর্থমন্ত্রী জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত এ হিসাব প্রযোজ্য। ঋণের বোঝা কমাতে রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি ব্যয় সাশ্রয়ী ও ফলপ্রসূ করা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, অতিরিক্ত ও অপরিকল্পিত ঋণ এড়াতে ‘অ্যানুয়াল বোরোয়িং প্ল্যান’ অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি নগদ প্রয়োজন, রাজস্ব-ব্যয়ের প্রবাহ ও ঋণ পরিশোধের সময় বিবেচনায় ‘ক্যাশ ফোরকাস্টিং’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন

সঞ্চয়পত্রের মাধ্যমে অতিরিক্ত ঋণ গ্রহণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমা অনুসরণ এবং সুদের হার বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

সরকারের এসব সমন্বিত উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে জনগণের ওপর ঋণের চাপ কমানোর চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

source: Asia Post

Back to top button