News

দিল্লিতে ‘তেরঙা’ মিছিলের আগেই বাসা থেকে আটক ককরোচ নেতা অভিজিৎ

ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘তেরঙা’ মিছিল কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি শুরুর আগে তার বাসায় গিয়ে নোটিশ দেওয়ার পর তাকে আটক করা হয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, শুক্রবার দুপুরে দিল্লির ঝান্ডেওয়ালায় দীপকের অবস্থান করা বাসায় যায় পুলিশের একটি দল। করোলবাগ এলাকার ওই বাড়িটি মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের। সেখানে পুরুষ ও নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে একপর্যায়ে একজন কর্মকর্তার সঙ্গে মুখোমুখি বসে কথা বলেন দীপকে। এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের দেওয়া নোটিশ হাতে নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান অভিজিৎ দীপকে। নোটিশে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষকে উসকে দেওয়ার অভিযোগ তোলা হয়। তবে এ অভিযোগের পক্ষে প্রমাণ দেখতে চান তিনি।

এনডিটিভির খবরে বলা হয়, সিজেপির প্রকাশ করা পুলিশ ও দীপকের কথোপকথনের একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা তাকে বিকেলে তেরঙা মিছিল না করার অনুরোধ জানাচ্ছেন। জবাবে দীপকে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব। জাতীয় পতাকা উড়াব। চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’

নোটিশে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে দীপকে বলেন, “আপনারা কী ধরনের অভিযোগ তুললেন আমার বিরুদ্ধে? কী তামাশা শুরু করেছেন আপনারা? এ কেমন নোটিস? নোটিস এরকম হয়? আপনাদের মনে যা আসছে, তাই লিখে দিচ্ছেন।”

পুলিশের অভিযোগের পক্ষে কোনো ভিডিও আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দীপকে বলেন, ‘তামাশারও সীমা থাকা উচিত। একটাও ভিডিও কি দেখাতে পারবেন যেখানে লোকজনকে আমি হিংসাত্মক হতে প্ররোচিত করছি? চাইলে আমাকে ফাঁসিতে লটকে দিন।’ তার দাবি, মানুষকে সহিংসতায় উসকে দেওয়ার কোনো ভিডিও পুলিশ দেখাতে পারবে না।

কনট প্লেস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি থাকার কথা জানিয়ে পুলিশ দীপকেকে আইন মেনে চলা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার নির্দেশ দেয়। তবে নোটিশ পাওয়ার পরও কর্মসূচি বাতিলে রাজি হননি তিনি।

কনট প্লেসের সেন্ট্রাল পার্কে শুক্রবার বিকেলে জাতীয় পতাকা হাতে মিছিলের কর্মসূচি দিয়েছিল সিজেপি। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দলটি ও কয়েকটি যুব সংগঠন আন্দোলন করছে। এর আগে দিল্লির যন্তর মন্তরেও কর্মসূচি পালন করে তারা।

তবে কর্মসূচির আগে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) ‘প্রশাসনিক কারণে’ শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করে।

আটকের সময় অভিজিৎ দীপকের পরনে ছিল মহাত্মা গান্ধীর ছবি ছাপা সাদা টি-শার্ট ও নীল জিনস। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আটক হলেন তিনি। এর আগে যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দরেই তাকে আটক করা হয়েছিল।

source: Rajneete

Back to top button