News

কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দেব: ধর্ম প্রতিমন্ত্রী

কিছু সময় পেলে সবাই মিলে প্রজন্মকে বদলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসুল (সা.)-এর জীবনে উৎকৃষ্টতাই ছিল প্রধান বিষয়। আমাদেরকে সব ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে যেতে হবে। তাহলে সফল হতে পারব।

কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ তাআলা রাসুল (সা.)-কে বিশ্ব জগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তিনি রাসুল (সা.)-এর দেখানো পথ ও পদ্ধতি সর্বান্তকরণে বাস্তবায়নের চেষ্টা করার অনুরোধ জানান।

এ ছাড়া যেসব বিষয় মহানবী (সা.) নিষেধ করেছেন, সেগুলো থেকে দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনএসইউর ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তার জীবন আমাদের দেখায়, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির কল্যাণেই নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।

প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে বলেন, মহানবী (সা.)-এর জীবন আমাদের ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দেয়।

source: Asia Post

Back to top button