News

শাড়ির আড়ালে মাদক পাচার, শাহজালালে দুই ভারতীয় গ্রেপ্তার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির আড়ালে মাদকদ্রব্য কুশ পাচারের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ ও ২৪টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদক জব্দ করা হয়।

ডিএনসি ঢাকা মহানগর (উত্তর) বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ।

ডিএনসি জানায়, ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকায় আসা দুই ভারতীয় নাগরিককে সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ ও ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, দুটি বোর্ডিং কার্ড, চারটি স্মার্টফোন এবং ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ১৭০ থাই বাথ ও ১ হাজার ১৭০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি করেন।

এ ঘটনায় তাদের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন বাংলাদেশি নাগরিককে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি। তাদেরও দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

source: Asia Post

Back to top button