দুর্নীতির অভিযোগে ডিএসসিসি ও চসিকের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চার ঊর্ধ্বতন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও ইমিগ্রেশন দপ্তরে এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়। গত ২৬ জুলাই স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশ্যে আসে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশন-১ শাখা) যুগ্মসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দুর্নীতির তদন্ত চলাকালে অভিযুক্ত কর্মকর্তারা গোপনে দেশ ত্যাগ করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের আবেদনের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারেন, সেজন্য দেশের সব ইমিগ্রেশন চেকপোস্ট, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং পাসপোর্ট অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া চার কর্মকর্তা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) (বরিশাল সিটি করপোরেশনে বদলিকৃত) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন। ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক, সংযুক্ত) আনিছুর রহমান। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), (ময়মনসিংহ সিটি করপোরেশনে বদলির আদেশাধীন) মোহাম্মদ শাহীন উল ইসলাম চৌধুরী। নির্বাহী প্রকৌশলী (পুর) (অ. দা.), চট্টগ্রাম সিটি করপোরেশন (রংপুর সিটি করপোরেশনে বদলির আদেশাধীন) ফারজানা মুক্তা।
source: Asia Post







