News

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইয়েমেনের সরকারি বাহিনীর সাথে নতুন করে সংঘর্ষ বৃদ্ধির মধ্যেই সৌদি ভূখণ্ডে হামলার এই দাবি সামনে এলো।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটিটি ছিল তাদের মূল লক্ষ্য। সেখানে থাকা প্রধান অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়।

হামলার কারণ ব্যাখ্যা করে ইয়াহিয়া সারি বলেন, এসব স্থাপনা হুথিদের বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা ও ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। তবে এটি ঠিক কবে চালানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো তারিখ জানাননি তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের রক্তক্ষয়ী সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে।

source: Rajneete

Back to top button