News

রোমে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট, ভোগান্তিতে আড়াই শতাধিক যাত্রী

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকাগামী একটি ফ্লাইট।

শুক্রবার (৭ আগস্ট) নির্ধারিত জ্বালানি নেওয়ার (রিফুয়েলিং) জন্য রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হয়। এতে ফ্লাইটটির আড়াই শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

যাত্রীদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি রোম বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত রিফুয়েলিং শেষে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা থাকলেও উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা আর সম্ভব হয়নি।

দীর্ঘ সময় অপেক্ষার কারণে শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ বোধ করছেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। শুরুতে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। এতে দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে অবস্থান করতে গিয়ে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

এমন পরিস্থিতিতে দ্রুত সমস্যার সমাধান করে তাঁদের ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাহকসেবা বিভাগের পরিচালক বদরুল হাসান লিটন। তিনি বলেন, উড়োজাহাজটিতে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সেটি রোমে গ্রাউন্ডেড করা হয়েছে। তবে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়েছে এবং সেখানে তাঁদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কারিগরি ত্রুটি শনাক্ত ও মেরামতে প্রকৌশলীরা কাজ করছেন। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে উড়োজাহাজটি নিরাপদ ঘোষণা করা হলে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসবে।

source: Asia Post

Back to top button