News

রামেক হাসপাতালে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ।

সোমবার (১২ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এক তথ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। এক দিনে এত সংখ্যক রোগী ভর্তি হওয়ায় রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা বাড়ালেই হবে না। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাড়ি ও আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। পাশাপাশি জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে জ্বর কমে যাওয়ার পরও সতর্ক থাকা জরুরি। এ সময় তীব্র পেটব্যথা, বারবার বমি, নাক বা মাড়ি দিয়ে রক্তপাত, অস্বাভাবিক দুর্বলতা, অস্থিরতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। এসব উপসর্গ ডেঙ্গুর সতর্ক সংকেত হতে পারে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আক্রান্তের পাশাপাশি অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এসময় তিনি আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৯ জন ডেঙ্গু রোগী। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button