News

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে।

এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশুও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং মরদেহগুলো কবে দেশে পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

একই পরিবারের একাধিক সদস্যসহ সাত বাংলাদেশির মৃত্যুর ঘটনায় তাদের স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

source: Rajneete

Back to top button