কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠক

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানান। তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশের পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। একই সঙ্গে দায়িত্ব পালনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার সময় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করেন। বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।
বৈঠকে ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পরে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Asia Post







