News

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল তরুণের

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে রঞ্জন বর্মন (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গড়েয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রঞ্জন বর্মন সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাবল বর্মনের ছেলে। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশাটি গড়েয়া থেকে ঠাকুরগাঁও জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে গড়েয়া এলাকায় অটোরিকশাটির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলটি দ্রুতগতিতে আসছিল।

সংঘর্ষের পর রঞ্জন বর্মন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জের নূর হোসেনের ছেলে মুন (১৯), ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গুদামপাড়ার জাহিরুল ইসলামের ছেলে রিপন (২৫), একই এলাকার আব্দুল আলীর ছেলে মিজান (৪০) এবং সদর উপজেলার আরাজী ডাঙ্গী পুকুর, গড়েয়া এলাকার আনিসুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (২৬)।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বলেন, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

source: Asia Post

Back to top button