নতুন পণ্য ও বাজার গড়ে তোলাই আমার লক্ষ্য

সিমেন্ট ও স্টিল খাতে ব্র্যান্ড মার্কেটিং দিয়ে কর্মজীবন শুরু। দীর্ঘদিন ব্র্যান্ড নিয়ে কাজ করার পর যুক্ত হন মার্কেটিং ও সেলসে। বর্তমানে রহিম গ্রুপের সোনারগাঁও স্টিলের অ্যাঙ্গেল-চ্যানেল এবং এএমআই কংক্রিট ব্লকের বাজার সম্প্রসারণে কাজ করছেন। নতুন পণ্যকে বাজারে প্রতিষ্ঠিত করা, গ্রাহকের আস্থা অর্জন এবং গুণগত মান ও প্রতিশ্রুতি নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। সম্প্রতি তাঁর কর্মজীবন, স্টিল খাতের বর্তমান পরিস্থিতি, নতুন পণ্য নিয়ে ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
প্রশ্ন: আপনার কর্মজীবন কীভাবে শুরু হলো?
মো. হাফিজুর রহমান রিপন: আমার কর্মজীবন শুরু হয় ব্র্যান্ড মার্কেটিং দিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনার পাশাপাশি একটি হাসপাতালে খণ্ডকালীন চাকরি করতাম। সে সময় দেশের স্বনামধন্য সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর কবির স্যারের সঙ্গে পরিচয় হয়। তিনি আমাকে তাঁর অফিসে দেখা করতে বলেন। সেখানে গেলে তিনি আমাকে চাকরির প্রস্তাব দেন। তাঁর পরামর্শে ২০০৪ সালে ক্রাউন সিমেন্টে ব্র্যান্ডের জুনিয়র অফিসার হিসেবে যোগদান করি। সেখানে সফলতার সঙ্গে পাঁচ বছর কাজ করেছি।
এরপর সময়ের প্রয়োজনে মেট্রোসেমে যোগ দিই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ স্যারের আহ্বানে সেখানে প্রায় তিন বছর কাজ করি। তিনি আমাকে কাজের ক্ষেত্রে সহযোগিতা করার পাশাপাশি অত্যন্ত স্নেহ করতেন। এরপর আমার প্রিয় মানুষ ও গুরু শফিক স্যার আমাকে রতনপুর স্টিল মিলের ব্র্যান্ড ম্যানেজার হিসেবে যোগ দিতে বলেন। তাঁর পরামর্শে সেখানে কাজ শুরু করি।
ব্র্যান্ড নিয়ে কাজ করতে গিয়ে ডিলার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক পরবর্তী সময়ে আমার কর্মজীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। এরপর দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মেঘনা গ্রুপে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে যোগ দিই। সেখানে ব্র্যান্ড বিভাগে বেশ কিছুদিন কাজ করার মাধ্যমে ব্র্যান্ড ব্যবস্থাপনা সম্পর্কে আরও ভালো অভিজ্ঞতা অর্জন করি।
পরবর্তী সময়ে রহিমা ইসপাতের খোকন স্যারের সঙ্গে পরিচয় হয়। তিনি আমাকে সেলসে কাজ করার পরামর্শ দেন। আমি তাঁকে বলেছিলাম, স্যার, আমি তো ব্র্যান্ড নিয়ে কাজ করেছি। সেলসে কাজ করতে পারব কি? তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, অবশ্যই পারবেন। তাঁর সাহস ও সহযোগিতায় রহিম গ্রুপে প্রথম সেলসে কাজ শুরু করি। সেখানে কাজ করতে গিয়ে সেলস সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করি।
পদ্মা সেতু নির্মাণের কারণে তাদের কারখানার কার্যক্রমে কিছু সমস্যা তৈরি হয়। এরপর জহির স্টিল মিলে প্রায় তিন বছর মার্কেটিং ও সেলস নিয়ে কাজ করি। পরে রহিম গ্রুপের নির্বাহী পরিচালক মারুফ মহসিন স্যার আমাকে প্রতিষ্ঠানটির অ্যাঙ্গেল-চ্যানেল বিভাগের হেড অব সেলস হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে সাড়া দিয়ে সেখানে কাজ শুরু করি।
বর্তমানে রহিম গ্রুপের সোনারগাঁও স্টিলের অ্যাঙ্গেল-চ্যানেলের সেলস ও মার্কেটিং নিয়ে কাজ করছি। অ্যাঙ্গেল-চ্যানেলের বাজার তুলনামূলক ছোট এবং পণ্যটি খুব বেশি পরিচিত নয়। তবে অল্প সময়ের মধ্যেই সোনারগাঁও স্টিল রহিম গ্রুপের অন্যতম পরিচিত ব্র্যান্ড হিসেবে বাজারে অবস্থান তৈরি করেছে। আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগত মান ও প্রতিশ্রুতি নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করছি। অল্প সময়ে বাজার সম্প্রসারণেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি।
শুরুতে নতুন পণ্য নিয়ে কাজ করতে কিছুটা দ্বিধা ছিল। তবে এখন এই বিভাগে কাজ করে অভিজ্ঞতা ও আনন্দ দুটোই পাচ্ছি। ধীরে ধীরে অ্যাঙ্গেল-চ্যানেলের বাজার বড় হচ্ছে, একই সঙ্গে চাহিদাও বাড়ছে। অল্প সময়ের মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে ভালো অবস্থান তৈরি করতে পেরেছি।
প্রশ্ন: স্টিল খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কেমন বলে মনে করেন?
মো. হাফিজুর রহমান রিপন: আমি মনে করি, বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে স্টিল খাত, বিশেষ করে নির্মাণ খাতে একধরনের স্থবিরতা বিরাজ করছে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ায় বড় বড় মেগা প্রকল্পের কাজ অনেকটা বন্ধ হয়ে যায়। স্থানীয় সরকার ও উন্নয়নমূলক যেসব কাজ নিয়মিত হতো, সেগুলোর অনেকটাই বন্ধ রয়েছে। নতুন নির্বাচিত সরকার আসার পরও বাজার পরিস্থিতি খুব একটা ভালো হয়নি।
তবে আমাদের পণ্যের চাহিদা সব সময়ই রয়েছে। এ কারণে স্টিল খাতের ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। পরিস্থিতির উন্নতি হলে নির্মাণ ও অবকাঠামো খাত আবার গতি পাবে, যা স্টিলের বাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রশ্ন: বর্তমানে সোনারগাঁও স্টিল ও এমআই ইন্ডাস্ট্রির কংক্রিট ব্লক নিয়ে কাজ করছেন। এই পণ্যগুলো নিয়ে আপনার নতুন ভাবনা কী?
মো. হাফিজুর রহমান রিপন: আমার মূল লক্ষ্য হলো রহিম গ্রুপের পণ্যগুলো গুণগত মান, প্রতিশ্রুতি ও যুক্তিসংগত দামের মাধ্যমে সারা দেশে ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য করে তোলা এবং বাজারে শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যাওয়া। অল্প সময়ের মধ্যেই আমরা সোনারগাঁও স্টিলকে অনেক দূর এগিয়ে নিতে পেরেছি। আশা করি, ভবিষ্যতে এটিকে দেশের প্রথম সারির ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।
পাশাপাশি আমি নতুন পণ্য এমআই কংক্রিট ব্লক নিয়ে কাজ করছি। প্রতিষ্ঠান আমাকে এই পণ্যের দায়িত্ব দিয়েছে। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। তবে অল্প সময়ের মধ্যেই এমআই ব্লককে বাজারে পরিচিত করতে পেরেছি এবং ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।
বর্তমানে পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ইটভাটার ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর প্রতি মানুষকে উৎসাহিত করা হচ্ছে। এ কারণে কংক্রিট ব্লকের চাহিদা ভবিষ্যতে ব্যাপকভাবে বাড়বে বলে আমি মনে করি। এই সম্ভাবনাকে সামনে রেখে আমরা কাজ করছি।
প্রশ্ন: স্টিল ও কংক্রিট ব্লক নিয়ে কাজ করে নিজেকে কতটা সফল মনে করেন?
মো. হাফিজুর রহমান রিপন: আগেই বলেছি, আমার কর্মজীবন শুরু হয়েছে ব্র্যান্ড মার্কেটিং দিয়ে। দেশের প্রতিষ্ঠিত কয়েকটি সিমেন্ট ও স্টিল কোম্পানিতে দীর্ঘ সময় ব্র্যান্ড নিয়ে কাজ করেছি। আমি যে প্রতিষ্ঠানেই কাজ করেছি, সেখানকার দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং সফলতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি।
ব্র্যান্ড থেকে মার্কেটিং ও সেলসে আসা এবং নতুন নতুন পণ্য নিয়ে কাজ করা আমার জন্য একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে নতুন অভিজ্ঞতা। সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে স্টিল ও ব্লক খাতেও ভালো অবস্থান তৈরি করতে পেরেছি। এই সাফল্য আমাকে আরও অনুপ্রাণিত করছে। আশা করি, আগামী দিনগুলোতে আরও ভালো করতে পারব।
প্রশ্ন: ভবিষ্যতে ব্যক্তিগত জীবন ও কর্মপরিধি নিয়ে আপনার পরিকল্পনা কী?
মো. হাফিজুর রহমান রিপন: ভবিষ্যতে আমার প্রতিষ্ঠান রহিম গ্রুপের বিভিন্ন পণ্যকে দেশের প্রথম সারির ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। প্রতিটি পণ্য যেন গুণগত মান বজায় রেখে গ্রাহকের কাছে পৌঁছায় এবং ক্রেতাদের আস্থা অর্জন করতে পারে, সেটিই আমার প্রধান লক্ষ্য। পণ্যের বাজার সম্প্রসারণ, ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি এবং গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে চাই। এ লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।






