News

ঘরে ঢুকত, সন্ধ্যায় বের হতো পাঁচ ফুটের বিষধর শঙ্খিনী

কক্সবাজারের উখিয়ায় একটি বসতবাড়ি থেকে প্রায় পাঁচ ফুট লম্বা বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে উপজেলার মিনি বান্দরবানসংলগ্ন ধোয়াপালং বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হলদিয়াপালং বিটের মৌলভীপাড়ার একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন জালিয়াপালং বিটের কর্মকর্তা ফরেস্টার মো. রোকনুজ্জামান।

Advertisement

বন বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে সাপটির ওই বাড়িতে যাতায়াত ছিল। দিনের বেলায় কখনো ঘরে ঢুকত, আবার সন্ধ্যার দিকে বেরিয়ে যেত। বিষয়টি জানতে পেরে বাড়িটিতে গিয়ে সাপটির অবস্থান শনাক্ত করেন ফরেস্টার মো. রোকনুজ্জামান। পরে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গর্ত খুঁড়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটি উদ্ধার করেন তিনি। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে সাপটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

ফরেস্টার মো. রোকনুজ্জামান বলেন, উদ্ধার করা সাপটি শঙ্খিনী প্রজাতির। এটি বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হলেও সাধারণত শান্ত স্বভাবের। সন্ধ্যার দিকে এ সাপ বেশি চলাচল করে। ইঁদুরসহ বিভিন্ন প্রাণীর পাশাপাশি অন্য বিষধর সাপও শিকার করে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় শঙ্খিনী সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো পড়ুন

তিনি আরও বলেন, শঙ্খিনী সাপ সাধারণত মানুষকে আক্রমণ করে না। তবে অসাবধানতাবশত এর গায়ে পা পড়লে বা নিজেকে বিপদে মনে করলে আত্মরক্ষার্থে কামড় দিতে পারে। এটি বিষধর সাপ হওয়ায় কামড়ের শিকার হলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া জরুরি।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ধার করা বন্যপ্রাণীকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

source: Asia Post

Back to top button