জাতীয়করণ হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রোববার সভা

সারা দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা বসতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে এ-সংক্রান্ত উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, আগামী ১৫ নভেম্বর বেলা দেড়টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। আলোচ্য বিষয় হিসেবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানকে কী প্রক্রিয়ায় জাতীয়করণ করা সম্ভব এবং এ ক্ষেত্রে কী কী নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা হবে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের থাকবেন।
এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সভায় অংশ নিতে সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি সরকারের অগ্রাধিকার বিবেচনায় রয়েছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে রোববার সভা রয়েছে। সেখানে এই গুরুত্বপূর্ণ বিষয়টির সমাধান হতে পারে।
দেশের কতটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসতে পারে, কোন ধরনের প্রতিষ্ঠান এ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে এবং জাতীয়করণের ক্ষেত্রে কী কী শর্ত থাকবে, তা এখনও স্পষ্ট নয় জানা যায়নি।
source: Asia Post







