রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করল ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তালিকা অনুযায়ী, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য (এমপি) তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ইসি সচিবালয় থেকে এ ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এর আগে একই দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
উল্লেখ্য, গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নির্বাচন কমিশন (ইসি) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নেয়। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
source: Asia Post






