মুসলিম শিক্ষার্থীদের জন্য ‘সুদমুক্ত’ শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের জন্য ‘সুদমুক্ত’ শরিয়াহভিত্তিক শিক্ষা ঋণের প্রচার শুরু হয়েছে। আগামী বছর থেকেই এ ঋণ চালু হতে পারে। ঋণের কিস্তি থেকে পাওয়া অর্থ যুক্তরাজ্যের সরকারি কোষাগারে জমা না হয়ে শরিয়াহভিত্তিক ঋণ নেওয়া পরবর্তী শিক্ষার্থীদের অর্থায়নে ব্যবহার করা হবে।
তবে শিক্ষার্থীরা ঋণের পুরো অর্থ পরিশোধ না করলে বাকি অর্থের দায় শেষ পর্যন্ত করদাতাদেরই বহন করতে হবে। সরকারি পূর্বাভাস অনুযায়ী, শিক্ষাঋণের প্রায় অর্ধেক অর্থই পুরোপুরি আদায় করা সম্ভব হবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, ইসলামি আইনে সুদ দেওয়া-নেওয়া নিষিদ্ধ হওয়ায় মুসলিম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাড়াতে নতুন এ ঋণব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু মুসলিম শিক্ষার্থীরা নন, চাইলে যে কেউ এ ঋণ নিতে পারবেন।
নতুন ব্যবস্থায় শরিয়াহভিত্তিক ঋণ নেওয়া শিক্ষার্থীদের কিস্তির পরিমাণ প্রচলিত শিক্ষা ঋণ নেওয়া শিক্ষার্থীদের সমান রাখার কথা বলা হয়েছে। এটি ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ নীতির ওপর ভিত্তি করে তৈরি। এ ব্যবস্থায় মূল ঋণের বাইরে সুদ না নিয়ে সমপরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে নেওয়া হবে। সেই অর্থ আলাদা করে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে শরিয়াহসম্মত ঋণ নেওয়া শিক্ষার্থীদের সহায়তায় তা ব্যবহার করা যায়।
তবে এ উদ্যোগের বিরোধীরা বলছেন, এর ফলে শিক্ষাব্যবস্থায় ‘দুই স্তরের ব্যবস্থা’ তৈরি হতে পারে, যা সমাজে বিভাজন বাড়ানোর ঝুঁকি তৈরি করবে।
শিক্ষাবিষয়ক দল রিফর্ম ইউকের মুখপাত্র সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, ‘এই আপত্তিকর ও ব্রিটিশবিরোধী উদ্যোগ শিক্ষাব্যবস্থায় দুই স্তর তৈরি করবে এবং সমাজকে বিভক্ত করবে।’
তিনি বলেন, লেবার পার্টির এ উদ্যোগ প্রমাণ করে, ব্রিটিশ জীবনের প্রতিটি ক্ষেত্রে দলটি দ্বৈত নীতি অনুসরণে অভ্যস্ত। শরিয়াহসম্মত ঋণ চালুর ফলে এমন কিছু সমান্তরাল প্রতিষ্ঠান গড়ে ওঠার ঝুঁকি রয়েছে, যা ব্রিটিশ জীবনধারার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
ব্র্যাভারম্যান আরও বলেন, শিক্ষার্থীরা ঋণ পরিশোধে ব্যর্থ হলে শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় এবং এর মাধ্যমে ব্রিটিশ করদাতাদেরই সেই দায় বহন করতে হবে। এ কারণে পুরো উদ্যোগটি আরও হাস্যকর হয়ে উঠেছে।
এ ঋণব্যবস্থা তৈরির জন্য যুক্তরাজ্য সরকার ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে-কে সরকারি তহবিল থেকে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি অর্থ দিয়েছে। সরকার একে বিশ্বের প্রথম দিককার রাষ্ট্রীয় সহায়তায় পরিচালিত শরিয়াহভিত্তিক ঋণব্যবস্থাগুলোর একটি বলে উল্লেখ করেছে।
প্রচলিত শিক্ষা ঋণের সুদ থেকে পাওয়া অর্থ সরকারের সাধারণ তহবিলে জমা হয়। কিন্তু নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ শুধু ‘অলটারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ কর্মসূচির আওতায় ভবিষ্যতে ঋণ নেওয়া শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হবে। এ কর্মসূচির মূল লক্ষ্য মুসলিম শিক্ষার্থীরা।
যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ (ডিএফই) এখনো ঋণ চালুর নির্দিষ্ট তারিখ জানায়নি। তবে চলতি বছর থেকে শিক্ষাঋণ ব্যবস্থায় যেসব পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে, তার অংশ হিসেবে নতুন ঋণ চালু করা হবে।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্যের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছে এ ঋণের প্রচার শুরু করেছে।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের এ ‘সুদমুক্ত ঋণ’ ইসলামি অর্থায়নের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। লিডস বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তারা শিক্ষার্থীদের জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ ঋণ চালু হতে পারে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং সিটি সেন্ট জর্জেস বিশ্ববিদ্যালয় আবেদনকারীদের বলছে, এ ঋণ সুদভিত্তিক হবে না। নিউক্যাসল বিশ্ববিদ্যালয় একে ‘সুদবিহীন’ ও ‘শরিয়াহসম্মত অর্থায়ন’ হিসেবে বর্ণনা করেছে। ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ধর্মীয় কারণে যারা সুদযুক্ত ঋণ নিতে পারেন না, তাদের জন্য এ ঋণপণ্য শরিয়াহসম্মত হিসেবে অনুমোদিত।
তবে কিছু ইসলামি পণ্ডিতের মতে, মুসলিমদের জন্য প্রচলিত শিক্ষা ঋণব্যবস্থা ব্যবহার করাও বৈধ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের জানিয়েছে, প্রচলিত শিক্ষা ঋণব্যবস্থার বিষয়ে যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিলের সমর্থন রয়েছে।
অন্যদিকে, ২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত ঋণব্যবস্থা নিয়ে দ্বিধায় ভোগেন। জরিপে অংশ নেওয়া প্রায় ৭১ শতাংশের দাবি, বিদ্যমান ঋণব্যবস্থায় মুসলিমদের প্রতি বৈষম্য করা হয়।
২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানায়, নতুন এ উদ্যোগে কোনো সুদ অন্তর্ভুক্ত নেই। সরকার একে বিশ্বের প্রথম দিককার রাষ্ট্রীয় সহায়তায় পরিচালিত শরিয়াহভিত্তিক ঋণব্যবস্থাগুলোর একটি হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে জানায়, সুদ পরিশোধ নিয়ে নৈতিক আপত্তি কিছু মুসলিমের মধ্যে বেশি দেখা যায়।
নতুন ঋণব্যবস্থায় যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন। তাদের ঋণ পরিশোধের পরিমাণ ও সময়সূচি প্রচলিত ঋণগ্রহীতাদের মতোই হবে। তবে তাদের দেওয়া ‘অবদান’ আলাদাভাবে সংরক্ষণ করে শরিয়াহভিত্তিক কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হবে।
নতুন ঋণব্যবস্থাটি ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ ধারণার ওপর ভিত্তি করে তৈরি। এটি মূলত পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত সহায়তার একটি ব্যবস্থা। ঋণপণ্যটি ইসলামিক ফাইন্যান্স সুপারভাইজরি বোর্ডের অনুমোদন পাবে।
এ বিষয়ে যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের এক মুখপাত্র বলেন, অলটারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স ব্যবস্থায় মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়া হবে— এমন দাবি সম্পূর্ণ অসত্য।
তিনি বলেন, যে ব্যবস্থার আওতাতেই ঋণ নেওয়া হোক না কেন, সব স্নাতককেই পুরো ঋণ পরিশোধ করতে হবে। প্রচলিত ঋণের সুদের বিকল্প হিসেবে সমপরিমাণ অর্থ দেওয়ার ব্যবস্থাও থাকবে।
ওই মুখপাত্র আরও বলেন, শিক্ষাঋণের এ পদ্ধতি চালুর ফলে আরও হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে। ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ যাতে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
তিনি বলেন, শিক্ষাঋণ সাধারণ ঋণের মতো কাজ করে না। ঋণগ্রহীতাদের ওপর এর আর্থিক চাপ নিয়ন্ত্রিত থাকে এবং বিদ্যমান ব্যবস্থাতেও সরকার বড় অঙ্কের ভর্তুকি দিয়ে থাকে।
source: Rajneete







