News

সেনেগাল উপকূলের কাছে নৌকাডুবি, ৩৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সেনেগালের উপকূলের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

রোববার (৮ নভেম্বর) সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেনেগাল প্রেস এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।

রাজধানী ডাকার থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে কেবেমার উপকূলের কাছে দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানায়নি সেনেগালের কর্তৃপক্ষ। তবে আরও কেউ জীবিত আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নৌকার যাত্রীরা অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টায় গত কয়েক বছরে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। শুধু চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ পথে অন্তত ৬৩৫ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীদের আসার সংখ্যা বেড়ে যাওয়ায় শনিবার ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেনের কর্তৃপক্ষ। দ্বীপটির কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী সেখানে পৌঁছেছেন।

source: Rajneete

Back to top button