News

বড় জয়ের পর ডেমোক্র্যাটদের সামনে প্রশ্ন— ভোটারদের ম্যান্ডেট কী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ের পর নিজেদের বিজয়কে পরিবর্তনের পক্ষে জনসমর্থন বা ম্যান্ডেট হিসেবে তুলে ধরছে ডেমোক্র্যাটিক পার্টি। তবে এই জয়ের মধ্য দিয়ে ভোটাররা দলটিকে ঠিক কতটা পরিবর্তনের অনুমতি দিয়েছেন, তা নিয়ে দলটির ভেতরেই মতপার্থক্য দেখা দিয়েছে।

জীবনযাত্রার ব্যয় কমানো ও স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী করার বিষয়ে নেতাদের মধ্যে মোটামুটি ঐকমত্য থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে জোরালো তদন্ত, অভিশংসনের উদ্যোগ কিংবা সর্বজনীন সরকারি স্বাস্থ্যবিমার মতো প্রগতিশীল কর্মসূচি গ্রহণের প্রশ্নে বিভক্ত ডেমোক্র্যাটরা।

মঙ্গলবারের (৩ নভেম্বর) নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, তা নিয়ে আলোচনা শুরু করেছেন দলটির নেতারা। এরই মধ্যে কয়েকটি বিষয়ে প্রাথমিক ঐকমত্য তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে— ওবামাকেয়ার স্বাস্থ্যবিমা আরও সাশ্রয়ী করা, দরিদ্রদের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেইডে ট্রাম্প প্রশাসনের করা কিছু কাটছাঁট বাতিল এবং ট্রাম্পের অজনপ্রিয় শুল্কনীতি ও ইরান যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া।

তবে এবারের নির্বাচনে মধ্যপন্থি ও প্রচলিত ধারার রাজনীতিকদের পাশাপাশি দলীয় নেতৃত্বের সমালোচক প্রগতিশীল প্রার্থীরাও জয় পেয়েছেন। ফলে বিজয়ের পর ডেমোক্র্যাটদের সামনে এখন বড় চ্যালেঞ্জ— এই দুই ধারার প্রত্যাশার মধ্যে সমন্বয় করা।

ডেমোক্র্যাটদের সিনেট নেতা চাক শুমার এই বিজয়কে একটি ‘প্রজন্মগত রাজনৈতিক পুনর্বিন্যাস’ হিসেবে বর্ণনা করেছেন। তবে একই সঙ্গে সতর্ক করেছেন, নির্বাচনের ফলকে নিজেদের ইচ্ছামতো যেকোনো আইন প্রণয়নের অবাধ অনুমতি হিসেবে দেখা যাবে না।

বুধবার এক সংবাদ সম্মেলনে চাক শুমার বলেন, ‘ভোটাররা আমাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন বলে এই নয় যে আমরা যা খুশি করতে পারব।’

জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার হতে যাওয়া হাকিম জেফরিসও জানিয়েছেন, ডেমোক্র্যাটদের প্রধান অগ্রাধিকার হবে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয়সংকট মোকাবিলা। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক ককাসের একজন সদস্যও আমার সঙ্গে অভিশংসন নিয়ে কথা বলেননি।’

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিয়ে মতপার্থক্য

ডেমোক্র্যাটদের অনেকেই মনে করছেন, মঙ্গলবারের নির্বাচনের ফল ট্রাম্পের প্রতি ভোটারদের স্পষ্ট প্রত্যাখ্যান। তাদের মতে, জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিকে সামনে রেখে প্রচার চালানোই এই সাফল্যের অন্যতম কারণ। তবে নির্বাচনি প্রচারের সময় দলটির কৌশলবিদ ও প্রচার ব্যবস্থাপকেরা সতর্ক করেছিলেন, শুধু ট্রাম্পের বিরোধিতা করে নির্বাচনে জেতা যথেষ্ট হবে না। ভোটারদের সামনে নিজেদের নীতিগত কর্মসূচিও তুলে ধরতে হবে।

এবারের নির্বাচনে স্বাস্থ্যসেবার ব্যয় বড় ইস্যু হয়ে ওঠে। গত বছর রিপাবলিকানদের কারণে মহামারির সময় চালু হওয়া ওবামাকেয়ারের বর্ধিত ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যায়। এতে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম ৫০ শতাংশের বেশি বেড়ে যায়। নির্বাচনের কয়েক মাস আগে লাখ লাখ মানুষ স্বাস্থ্যবিমার সুবিধা হারাতে বাধ্য হন।

ডেমোক্র্যাট নেতারা মনে করছেন, ওবামাকেয়ারের ভর্তুকি বাড়ানো ও মেডিকেইডে ট্রাম্পের কাটছাঁট বাতিলের উদ্যোগে রিপাবলিকানদেরও সমর্থন পাওয়া সম্ভব। এসব প্রস্তাবের বিরুদ্ধে ট্রাম্পের ভেটো দেওয়াও রাজনৈতিকভাবে কঠিন হতে পারে।

তবে দলের প্রগতিশীল অংশ মনে করছে, শুধু এসব পদক্ষেপ যথেষ্ট নয়। তাদের দাবি, সর্বজনীন স্বাস্থ্যসেবার দিকে এগোতে হবে। ‘মেডিকেয়ার ফর অল’ নামে পরিচিত এই ব্যবস্থায় ব্যক্তিগত স্বাস্থ্যবিমার পরিবর্তে বা তার বড় অংশের জায়গায় সরকারি স্বাস্থ্যবিমা চালুর কথা বলা হয়েছে। দীর্ঘদিন ধরে বিষয়টি ডেমোক্র্যাটদের মধ্যে বিতর্কের কারণ।

ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকানদের একটি আসনে জয়ী হয়ে প্রতিনিধি পরিষদে যাচ্ছেন প্রগতিশীল ডেমোক্র্যাট র‌্যান্ডি ভিলেগাস। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মতো বড় বিষয়ে খুব সামান্য পদক্ষেপ নেওয়া দলের জন্য বিপজ্জনক হতে পারে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে জয়ী নতুন সদস্যদের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মানুষকে আরও বড় কিছুর স্বপ্ন দেখানোর সাহস আমাদের থাকতে হবে। আমার কাছে তার অর্থ সর্বজনীন স্বাস্থ্যসেবার মতো উদ্যোগের পক্ষে লড়াই করা।’

ট্রাম্প প্রশাসনের জবাবদিহি ও করপোরেট প্রভাব

নতুন কংগ্রেসের জন্য ডেমোক্র্যাট নেতারা এখনো পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রকাশ করেননি। তবে নতুন ও পুরোনো আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব কমানোর বিষয়ে তাদের মধ্যে সমর্থন রয়েছে।

মেরিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, দলটিকে একই সঙ্গে একাধিক লক্ষ্য নিয়ে এগোতে হবে। এর মধ্যে রয়েছে প্রশাসনের দুর্নীতির জবাবদিহি নিশ্চিত করা, ইরান যুদ্ধ বন্ধের চেষ্টা এবং শ্রমজীবী মানুষের জন্য জোরালো অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ।

ভ্যান হোলেন রয়টার্সকে বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন করে তোলার জন্য যেসব করপোরেশন, ধনকুবের ও বিশেষ স্বার্থগোষ্ঠীকে দায়ী করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের অতিরিক্ত সতর্ক হওয়া উচিত নয়।

তবে সম্পদের বৈষম্য ও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা করপোরেশনগুলোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে মতপার্থক্য তৈরি হতে পারে। ভ্যান হোলেনসহ অনেক ডেমোক্র্যাট ধনকুবেরদের ওপর কর আরোপের পক্ষে। কিন্তু মঙ্গলবার ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের সম্পদের ওপর এককালীন ৫ শতাংশ কর আরোপের একটি প্রস্তাব ভোটে পরাজিত হয়েছে। ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমও এর বিরোধিতা করেছিলেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামও আলোচনায় রয়েছে।

টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর জেমস টালারিকো বলেছেন, রাজনীতিতে বড় অর্থের প্রভাব বন্ধ করাও ডেমোক্র্যাটদের নির্বাচনি ম্যান্ডেটের অংশ হওয়া উচিত। নির্বাচনি প্রচারে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তার বিরুদ্ধে ২৩ কোটি ডলার ব্যয় করে প্রচার চালিয়েছিলেন। বুধবার বিজয় ভাষণে টালারিকো বলেন, রাজনীতি থেকে ‘বড় অর্থের প্রভাব’ সরাতে নির্বাচনি অর্থায়ন ব্যবস্থার সংস্কার প্রয়োজন।

অভিবাসন, ন্যূনতম মজুরি ও শিশুযত্ন

নির্বাচনের পরদিন থেকেই বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট সংগঠন আগামী বছর কংগ্রেসে ডেমোক্র্যাটদের কাছে নিজেদের দাবি তুলে ধরতে শুরু করেছে। শ্রমিক সংগঠন, অভিবাসন অধিকার কর্মী, আমেরিকাস ভয়েস, লাতিনো কমিউনিটি ফাউন্ডেশন ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ কয়েকটি সংগঠন একটি যৌথ উদ্যোগে নির্বাচনি তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি, ২০২৪ সালে রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়া সংখ্যালঘু ভোটারদের বড় অংশ এবার ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন।

সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, সংখ্যালঘু ভোটারদের প্রধান উদ্বেগের মধ্যে রয়েছে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বলপ্রয়োগের ওপর বিধিনিষেধ, কেন্দ্রীয় পর্যায়ে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার থেকে বাড়িয়ে ১৭ ডলার করা এবং সবার জন্য শিশুযত্নের ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি ২০০৯ সাল থেকে ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার নির্ধারিত রয়েছে। ভ্যান হোলেন এবারের ফলের ব্যাপকতা তুলে ধরে বলেন, ‘এটি বিস্ময়কর এক ফল— ব্যাপকতা ও পরিসর, দুই দিক থেকেই।’

ভ্যান হোলেনের মতে, মধ্যবর্তী নির্বাচন সাধারণত ক্ষমতাসীন দলের প্রতি ভোটারদের মূল্যায়নের প্রতিফলন হলেও এবারের ফলাফলে নতুন ধরনের রাজনীতির জন্য মানুষের আকাঙ্ক্ষাও প্রকাশ পেয়েছে।

অর্থাৎ, ট্রাম্পবিরোধী ভোটের ওপর ভর করে ডেমোক্র্যাটরা বড় জয় পেলেও এখন তাদের সামনে মূল প্রশ্ন— এই বিজয়কে কতটা পরিবর্তনের পক্ষে ব্যবহার করা হবে। জীবনযাত্রার ব্যয় কমানোয় ঐকমত্য থাকলেও স্বাস্থ্যনীতি, ধনীদের ওপর কর, রাজনৈতিক জবাবদিহি ও প্রগতিশীল সংস্কারের প্রশ্নে দলটির ভেতরের বিভাজন নতুন কংগ্রেসে তাদের কর্মসূচি নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

রয়টার্স অবলম্বনে

source: Rajneete

Back to top button