News

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ প্যানেল থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

তিনি জানান, সংসদের অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। অন্য সময়ে বিদ্যুতের চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

এ সময় সংসদ চত্বরে উৎপাদিত সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য এনার্জি স্টোরেজ সুবিধা রাখার সুনির্দিষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

source: Asia Post

Back to top button