কে জেল খাটছে, কে নির্যাতিত দেখার সময় নেই: এমপি বাবুল

আগামী নির্বাচনে জামালপুরের মাদারগঞ্জের সব কটি ইউনিয়ন ও পৌরসভায় বিএনপির বিজয় চান কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সহসম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল। এ জন্য প্রার্থী বাছাইয়ে কে জেল খেটেছেন, কে নির্যাতিত হয়েছেন কিংবা কে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মুস্তাফিজুর রহমান বাবুল।
এ সময় তিনি বলেন, কে জেল খাটছে কে জেল খাটে নাই, কে নির্যাতিত হইছে, কে নির্যাতিত হয় নাই, কে ক্ষতিগ্রস্ত হইছে, কে ক্ষতিগ্রস্ত হয় নাই এইটা আগামী নির্বাচনে দেখবার টাইম আমাদের নাই। আগামী নির্বাচনে মাদারগঞ্জের সব কটি ইউনিয়নের আমরা জিততে চাই।
প্রার্থী বাছাইয়ের বিষয়ে তিনি আরও বলেন, কে পৌরসভা নেতা, কে ইউনিয়ন বিএনপি নেতা, এইটা আমরা প্রার্থী করতে গিয়ে বিবেচনা করব না। আমরা বিবেচনা করব, কার জনসমর্থন বেশি, কাকে জনগণ চায়, কে জনগণের মধ্যে বেশি গ্রহণযোগ্য। যার জনপ্রিয়তা বেশি, যাকে জনগণ চায়, যে জনগণের খেদমত করবে, সব থেকে নীতিবান থাকে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দেব।
মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালী পরবর্তী আলোচনা সভায় এ কথা গুলো বলেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল। আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
source: Asia Post







