News

ভারতে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে পৈশাচিক নির্যাতন ও গণধর্ষণ, গ্রেপ্তার ৯

ভারতের গুজরাটে ধর্মীয় ‘পবিত্রকরণ আচার’–এর অজুহাতে এক নারীর ওপর রোমহর্ষক নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণের ঘটনা সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ স্বপ্রণোদিত হয়ে এই ঘটনার তদন্ত শুরু করে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় স্বামী ও আত্মীয়দের ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে বসবাস করার জেরে ভুক্তভোগী ওই নারীকে শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রাখা হয়। পরে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তার পিছু ধাওয়া করে ধরে ফেলে এবং দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক নির্যাতন চালায়।

অভিযোগ ওঠে, ওই নারীর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ‘পবিত্রকরণ আচার’–এর অজুহাতে অভিযুক্ত ব্যক্তিরা তার ওপর ভয়াবহ নির্যাতন চালান। এর মধ্যে ওই নারী এক ব্যক্তির সঙ্গে বসবাসের কারণে তার ওপর দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ব্যক্তির ওপরও শারীরিক নির্যাতন চালানো হয়। পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়। পরে অন্যদের সতর্কবার্তা দেওয়ার উদ্দেশ্যে সেই আপত্তিকর ভিডিও ফুটেজ অনলাইনে ছেড়ে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পুলিশের নজরে আসে বিষয়টি।

সুরেন্দ্রনগর জেলার পুলিশ সুপার প্রেমসুখ দেলু জানান, ভিডিওর সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং তার জবানবন্দি রেকর্ড করে নিরাপত্তা নিশ্চিত করে।

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি (আইটি) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অপরাধে প্ররোচনা ও সহায়তার অভিযোগে দুই নারীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের অপরাধের পেছনের ইতিহাস খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

source: Asia Post

Back to top button