News

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০

ফ্রান্সে স্কুলের পরিবেশ ও সুযোগ-সুবিধা উন্নয়নের দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দেশজুড়ে অন্তত আড়াই লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নেন বলে দাবি করেছেন আয়োজকেরা। তবে পুলিশের হিসাব অনুযায়ী, বিভিন্ন শহরে প্রায় দুই লাখ এবং রাজধানী প্যারিসেই ৫৬ হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন।

বিক্ষোভের অধিকাংশ অংশ শান্তিপূর্ণ হলেও প্যারিসসহ বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে দাঙ্গা পুলিশ। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে পুলিশের ৪৩ জন সদস্য আহত হয়েছেন।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানান, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে অন্তত ২১৫ জন কিশোর এবং ৮৫ জন স্কুলকর্মী আহত হয়েছেন। এই উদ্ভূত পরিস্থিতিকে গত কয়েক দশকের মধ্যে ফরাসি শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে আন্দোলনকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের কড়া সমালোচনা করেছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তরুণ বিক্ষোভকারীদের ওপর ‘অসামঞ্জস্যপূর্ণ পুলিশি দমনপীড়ন’ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।

source: Rajneete

Back to top button